রামকৃষ্ণ মিশনের ধর্মগুরুকে হত্যার হুমকি দিয়ে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার রামকৃষ্ণ মিশনের ধর্মগুরুকে হত্যার হুমকি দিয়ে গত বুধবার ডাকযোগে একটি চিঠি পাঠানো হয়েছে। এ ঘটনার পর রামকৃষ্ণ মিশন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ওয়ারী থানার পুলিশ বলেছে, বুধবার রামকৃষ্ণ মিশনের ধর্মগুরু বরাবর ডাকযোগে একটি খাম আসে। রামকৃষ্ণ মিশনের পুরোহিতেরা খাম খুলে হাতে লেখা একটি চিঠি দেখতে পান। চিঠিতে লেখা রয়েছে, ‘এখানে ধর্ম প্রচার করলে মেরে ফেলা হবে।’ খামে প্রেরকের নাম লেখা রয়েছে আবু বকর সিদ্দিক। তবে এতে কোনো ঠিকানা উল্লেখ করা হয়নি।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেহাদ হোসেন গতকাল বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন, চিঠিতে হুমকি পাওয়ার পর বুধবার রাতে রামকৃষ্ণ মিশনের পুরোহিত মৃদুল মহারাজ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ ঘটনায় রামকৃষ্ণ মিশনে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। হুমকিদাতাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।