রামগঞ্জে অস্ত্রসহ চারজন আটক
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় অস্ত্র, গুলিসহ সন্দেহভাজন চারজন ডাকাতকে আটক করেছে পুলিশ ও এলাকাবাসী। গত বৃহস্পতিবার রাতে চণ্ডীপুর গ্রামের হরেন্দ নাথ নামের এক ব্যক্তির বাড়িতে ডাকাতির সময় তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. হোসেন (৩৭), খোরশেদ আলম (৪৫), কামাল হোসেন (৩৫) ও মাসুদ আলম (৩৮)। তাঁরা সবাই চণ্ডীপুর গ্রামেরই বাসিন্দা।
অস্ত্র উদ্ধারের ঘটনায় রামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. কাউছার বাদী হয়ে আটক চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। আর ডাকাতির ঘটনায় হরেন্দ নাথ বাদী হয়ে মামলা করেছেন।
হরেন্দ নাথ বলেন, ‘মুখোশ পরা আট-দশজন ডাকাত দরজা ভেঙে ঘরে ঢোকে। তারা আমাদের মারধর করে টাকা ও বিভিন্ন মালামাল লুট করে। চিৎকার দিলে আশপাশের লোকজন এসে ডাকাতদের ঘেরাও করেন। খবর পেয়ে পুলিশও চলে আসে। সেখানে চারজনকে আটক করা হয়।’
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে একটি এলজি, ছয়টি গুলি ও ১১ হাজার টাকা উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। একটির বাদী পুলিশ।