রামগঞ্জে অস্ত্রসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ অস্ত্র রাখার অভিযোগে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া নেতার নাম মো. মাসুদ রানা (২৮)। তিনি ইছাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি। তাঁর বাড়ি ইছাপুর ইউনিয়নের নয়নপুর গ্রামে। পুলিশ দাবি করেছে, পুলিশ ওই নেতার কাছে দুটি দেশি পাইপগান ও দুটি গুলি পেয়েছে। এ ঘটনায় রামগঞ্জ থানার পুলিশ বাদী হয়ে মাসুদ রানার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করেন।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত দুইটায় উপজেলার নয়নপুর গ্রামে স্বেচ্ছাসেবক লীগের নেতা মাসুদ রানার বাড়িতে অভিযান চালানো হয়। পরে ওই ঘর তল্লাশি করে দুটি দেশি পাইপগান ও দুটি গুলি উদ্ধার করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. সোহেল রানা বলেন, ‘মাসুদ রানার এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে আমাদের জানা ছিল না। তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া বলেন, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুলিশ মাসুদ রানাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।