রামগঞ্জে খুঁটিতে বেঁধে শিশুকে মারধর, গ্রেপ্তার ৩
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় গতকাল বুধবার সকালে দোকানের খুঁটির সঙ্গে বেঁধে মো. ইয়াছিন (১২) নামের এক শিশুকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রামগঞ্জের চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দেলোয়ার হোসেন পাটোয়ারী, আবদুস সালাম পাটোয়ারী ও দেলোয়ার মিয়া। তাঁরা চন্ডিপুরের মাছিমপুর গ্রামের বাসিন্দা। একই গ্রামে পরিবারের সঙ্গে থাকে ইয়াছিন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন বলেন, মঙ্গলবার রাতে মাছিমপুর গ্রামে আবদুস সালামের বাগান থেকে দুটি ডাব চুরি হয়। চুরির জন্য তিনি ইয়াছিনকে সন্দেহ করেন। গতকাল সকাল নয়টায় তিনি লোকজন দিয়ে বাসা থেকে ইয়াছিনকে ধরে আনেন। এরপর তাকে গ্রামের বাংলাবাজারে নিয়ে যাওয়া হয়। সেখানে স্থানীয় একটি মুদি দোকানের সিমেন্টের তৈরি খুঁটির সঙ্গে ইয়াছিনের হাত বাঁধা হয়। এরপর আবদুস সালাম ও গ্রেপ্তার হওয়া দুজন লাঠি দিয়ে তাকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে এবং ইয়াছিনকে উদ্ধার করে রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে ইয়াছিনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
গতকাল দুপুরে ইয়াছিনের মা মিলন বেগম গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে রামগঞ্জ থানায় একটি মামলা করেন। পরে পুলিশ ওই মামলায় গ্রেপ্তার তিনজনকে রামগঞ্জের আদালতে হাজির করে। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ইয়াছিনের বাবা মোস্তফা আহমেদ শারীরিক প্রতিবন্ধী। ঢাকায় চাকরিরত ইয়াছিনের বড় ভাইয়ের আয়ে চলে পুরো সংসার। তার মা মিলন বেগম বলেন, ‘আমার ছেলেকে চোর বানাইয়া পিটাইল। আমি এর বিচার চাই।