রামগঞ্জে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভা নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষে পুলিশের তিন সদস্যসহ নয়জন আহত হয়েছেন। গত শুক্রবার রাতে শহরের কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এই সময় উত্তেজিত নেতা-কর্মীরা দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন।
রামগঞ্জ থানার উপপরিদর্শক লুৎফুর রহমান (৪০), সদস্য সাইফুল ইসলাম (৪৫) ও মো. কাউছার (৩৫) এবং স্থানীয় দেলোয়ার হোসেন, মামুন হোসেন, মো. শামিম, রুবেল হোসেন, মো. ফারুক ও মো. শাহিন।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এমরান হোসেন পৌরসভা নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী হয়ে হেরেছেন। সেখানে আওয়ামী লীগের অন্য সমর্থক আহসান হাবীব নির্বাচিত হন। পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল চৌকিয়া নির্বাচনে আহসান হাবীবের হয়ে কাজ করেছেন। এ নিয়ে শুক্রবার রাতে এমরান ও সোহেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে এ নিয়ে তাঁদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
রামগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল চৌকিয়া অভিযোগ করেন, ‘ভোটে হেরে এমরান ক্ষুব্ধ হয়ে তাঁর লোকজন নিয়ে আমার ওপর হামলা চালান। তাঁরা আমার সমর্থকদের পিটিয়ে আহত করেন। আমার মোটরসাইকেল পুড়িয়ে দেন।’
এমরান হোসেন বলেন, ‘ নির্বাচনের জন্য আওয়ামী লীগ থেকে আমাকে সমর্থন দেওয়া হয়। কিন্তু সোহেল প্রতিপক্ষের সঙ্গে যোগ দেন। তাঁর নেতৃত্বে কিছু যুবক আমার ওপর হামলা করেন।’