রামগঞ্জে ছাত্রলীগের হামলায় বিএনপির প্রার্থীসহ আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের উপনির্বাচনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর ওপর ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে চেয়ারম্যান পদপ্রার্থীসহ ছয়জন আহত হয়েছেন। গত সোমবার সন্ধ্যায় বিষ্ণু ভল্লবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গতকাল মঙ্গলবারও আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে ছাত্রলীগ নেতা-কর্মীরা এলাকায় মোটরসাইকেল মহড়া দেন। এতে বিএনপির প্রার্থী ও ভোটাররা আতঙ্কে আছেন। এসব ঘটনায় গতকাল মঙ্গলবার বিএনপির প্রার্থী ফেরদৌসী সুলতানা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

ছাত্রলীগের হামলায় আহত অন্য পাঁচজন হলেন শারমিন আক্তার (২৬), মাসুদ আলম (১৮), মানিক হোসেন (২২), জহির হোসেন (২৪) ও সেলিম হোসেন (৩২)। তাঁরা লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সিরাজুল হক মজুমদার বলেন, লামচর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ উল্যার মৃত্যুর কারণে ১৬ এপ্রিল এখানে উপনির্বাচন হবে। আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচন করছেন মোহাম্মদ উল্যার স্ত্রী মাহেনারা পারভিন। চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী মাঠে আছেন।

বিএনপির প্রার্থীর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গণসংযোগ করার সময় আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কলেজ ছাত্রলীগের সভাপতি মোরশেদুল আমিনের নেতৃত্বে তাঁদের ওপর হামলা চালানো হয়। একটি বাড়িতে আশ্রয় নিলে সেখানে গিয়ে হামলা করা হয়। গত তিন-চার দিন ধরে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন সব জায়গায় মোটরসাইকেল মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করছেন।

বিএনপির প্রার্থী ফেরদৌসী সুলতানা বলেন, আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রতিদিন ছাত্রলীগ নেতা-কর্মীরা এলাকায় মোটরসাইকেল মহড়া দিচ্ছেন। এতে আমি ও ভোটাররা শঙ্কিত। তাঁরা আমার পোস্টার ছিঁড়ে ফেলছেন। দলের নেতা-কর্মী ও সাধারণ ভোটরদের ভোট কেন্দ্রে যেতে নিষেধ করছেন। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা দেখছি না।

আওয়ামী লীগের প্রার্থী মাহেনারা পারভিন বলেন, ‘আমার লোকজন এসব ঘটনার সাথে জড়িত নয়। বিএনপির প্রার্থী আলোচনায় আসার জন্য মিথ্যা অভিযোগ করছেন।’

হামলার অভিযোগ অস্বীকার করে কলেজ ছাত্রলীগের সভাপতি মোরশেদুল আমিন বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা বিএনপির প্রার্থীর গণসংযোগে হামলা করেননি। এটা তাঁদের দলীয় কোন্দল। আর কোথাও মোটরসাইকেল মহড়া দেওয়া হচ্ছে না।

এ বিষয়ে জানতে চাইলে রামগঞ্জ ইউএনও মোহাম্মদ আবু ইউসুফ বলেন, ‘বিএনপির প্রার্থীর একটি লিখিত অভিযোগ সকালে পেয়েছি। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া বলেন, হামলার ঘটনায় কেউ মামলা করেনি।