রামগঞ্জে দুই কোটি টাকা নিয়ে উধাও আরডিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জে বেশি মুনাফার লোভ দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে দুই কোটি টাকা নিয়ে আরডিপি উধাও হয়ে গেছে। ২২ এপ্রিল থেকে প্রতিষ্ঠানটির কার্যালয়ে তালা ঝুলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রামগঞ্জ শহরের লন্ডন ম্যানশনে ২০১১ সালে রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট মাল্টিপারপাস (আরডিপি) কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের কার্যক্রম শুরু হয়। প্রতি লাখে মাসে দুই হাজার টাকা মুনাফার লোভ দেখিয়ে তারা গ্রাহক সংগ্রহ করে। সঞ্চয়ের পাশাপাশি গ্রাহকদের কাছ থেকে এককালীন টাকাও জমা নেওয়া হয়।
কয়েকজন গ্রাহক জানান, রামগঞ্জ বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী আবুল হোসেন ৫৫ হাজার, মাসুদ হোসেনের ৫০ হাজার, তাজুল ইসলামের নয় লাখ, মো. রফিক দুই লাখ, ইছাপুর গ্রামের গৃহবধূ রেজিয়া বেগমের নয় লাখ টাকাসহ প্রতিষ্ঠাটির কর্মকর্তারা প্রায় দুই কোটি টাকা নিয়ে পালিয়ে যান। এক সপ্তাহ ধরে প্রতিষ্ঠানটির কার্যালয়ে তালা ঝুলছে। কর্মকর্তা-কর্মচারীদের মুঠোফোনও বন্ধ। টাকা পেতে প্রতিদিন গ্রাহকেরা কার্যালয়ের সামনে ভিড় করছেন।
এ বিষয়ে জানতে মাল্টিপারপাসটির ব্যবস্থাপক ওজায়ের হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন করেও তা বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে রামগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা হারুনুর রশিদ জানান, আইন অনুযায়ী কোনো মাল্টিপারপাস মাসিক লভ্যাংশের ভিত্তিতে গ্রাহকদের কাছ থেকে টাকা নিতে পারে না।
২৩ মে প্রতারণার অভিযোগে ওই সংস্থার কর্মী জালাল উদ্দিনকে রামগঞ্জ পৌর শহরের আনন্দ কনফেকশনারি থেকে আটক করেন উত্তেজিত গ্রাহকেরা। পরে তাঁকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, টাকা নিয়ে উধায়ের ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। সংস্থাটি সারা দেশ থেকে টাকা নিয়ে পালিয়েছে। এ ছাড়া ওই সংস্থার কর্মচারী জালাল ৫ জানুয়ারির নির্বাচনের সময় ভোটকেন্দ্রে হামলা-ভাঙচুরের মামলার আসামি। এ জন্য তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।