রামগঞ্জে দুই বাড়িতে ডাকাতি, গৃহকর্তা জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় গত সোমবার দিবাগত রাতে দুই বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় এক গৃহকর্তা আহত হন। ডাকাতেরা ওই দুই বাড়ি থেকে টাকা, স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালপত্র নিয়ে গেছে।
উপজেলার ভাদুর ইউনিয়নের রাজাপুর গ্রামের কামরুল ইসলাম ও আলী আহাম্মদের (৬৪) বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে লক্ষ্মীপুর জেলার সহকারী পুলিশ সুপার (সার্কেল) খন্দকার শাহ নেওয়াজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে ১০ থেকে ১২ জন ডাকাত কামরুল ইসলাম ও আলী আহাম্মদের বাড়ির গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় বাধা দেওয়ায় ডাকাতেরা আলী আহম্মদকে কুপিয়ে জখম করে। পরে তাঁরা ওই দুই বাড়ি থেকে টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালপত্র লুটে নিয়ে যায়। আহত আলী আহম্মদকে রামগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রামগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোলায়মান চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। ডাকাতদের আটক করতে পুলিশ তৎপর রয়েছে।