রামগঞ্জে দুজনের ডিলারশিপ বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় চারটি ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজির চাল বিক্রি না করে ডিলাররা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার ইউএনও দুই ডিলারকে সাত দিনের মধ্যে চাল ফেরত দেওয়ার জন্য নোটিশ দিয়েছেন। এ ছাড়া তাঁদের ডিলারশিপও বাতিল করা হয়েছে।
উপজেলার ভাদুর, ইছাপুর ইউনিয়নের ডিলার মো. আবুল খায়ের পাটোয়ারী এবং করপাড়া ও দরবেশপুর ইউনিয়নের ডিলার মো. হাসান গত সেপ্টেম্বর মাসের বরাদ্দকৃত চাল উত্তোলন করেন। কিন্তু তাঁরা ওই চাল বিক্রি না করে আত্মসাৎ করেছেন বলে গত শনিবার ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসেন ভূঁইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন।
গত রোববার খাদ্যবান্ধব কর্মসূচির ওই চাল আত্মসাতের অভিযোগের বিষয়ে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সাংসদ এম এ আওয়াল ইউএনওর কার্যালয়ে এক সভা করেন। সেখানে চাল আত্মসাৎ করার ঘটনায় অসন্তোষ প্রকাশ করা হয়। ওই সভায়ই এই ঘটনা তদন্তের জন্য ইউএনও মোহাম্মদ আবু ইউসুফকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, প্রথম ধাপে ভাদুর, ইছাপুর, করপাড়া ও দরবেশপুর ইউনিয়নে সেপ্টেম্বর মাসে ৫৬২ জনের জন্য ৩০ কেজি করে চাল বরাদ্দ দেয় সরকার। ডিলাররা গুদাম থেকে বরাদ্দ দেওয়া ১৬ হাজার ৮৬০ কেজি চাল তুলে নিয়ে আসেন। কিন্তু পরে তাঁরা ওই চাল হতদরিদ্রদের কাছে বিক্রি না করে আত্মসাৎ করেন।
ভাদুর ইউপির চেয়ারম্যান জাহিদ হোসেন ভূঁইয়া বলেন, ‘ভাদুর ইউনিয়নের ১৪০ জন সুবিধাভোগীর কাছে ১০ টাকা দরে চাল বিক্রি কথা ছিল। গত সেপ্টেম্বর মাসের ৪ টন ২০০ কেজি চাল সুবিধাভোগীদের মধ্যে বিক্রি না করে ডিলার আত্মসাৎ করেন। এতে বঞ্চিতরা ক্ষুব্ধ হন। এ নিয়ে আমি ইউএনওর কাছে একটি লিখিত অভিযোগ করেছি।’
তবে ডিলার আবুল খায়ের পাটোয়ারী ও মো. হাসান দাবি করেন, সুবিধাভোগীদের মধ্যে চাল বিক্রি করা হয়েছে। আত্মসাৎ করার অভিযোগ সঠিক নয়। চাল ফেরত দেওয়ার নোটিশ পেয়েছেন।
ইউএনও মো. আবু ইউসুফ বলেন, আবুল খায়ের পাটোয়ারী ও মো. হাসানের ডিলারশিপ বাতিল করা হয়েছে। অবিতরণকৃত চাল সাত দিনের মধ্যে ফেরত দিতে তাঁদের নোটিশ দেওয়া হয়েছে।
জানতে চাইলে সাংসদ এম এ আওয়াল বলেন, ‘সরকার হতদরিদ্রদের জন্য ১০ টাকা দরে চাল বিক্রি করে। কিন্তু সেই চালের প্রথম কিস্তি বিক্রি না করে ডিলাররা আত্মসাৎ করেন বলে কয়েকজন ইউপি চেয়ারম্যান ও এলাকার লোকজন আমাকে জানিয়েছেন। বিষয়টি দুঃখজনক।’