রামগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে চেয়ারম্যানসহ আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে গতকাল বৃহস্পতিবার লক্ষ্মীপুরের রামগঞ্জে পল্লী বিদ্যুতের কার্যালয় ঘেরাও করলে এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ ২০ জন আহত হন। সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে রামগঞ্জ উপজেলার বেশ কয়েকটি সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেন স্থানীয় লোকজন। একই দাবিতে গত বুধবার রাতে রায়পুর উপজেলার সড়ক অবরোধ করেন গ্রাহকেরা।
এলাকাবাসী জানান, রামগঞ্জ উপজেলায় ঈদুল আজহার আগের রাত থেকে ব্যাপক লোডশেডিং শুরু হয়। প্রতিবাদে নাগরিক সমাজের ব্যানারে গতকাল সকালে উপজেলা ভূমি কার্যালয়-সংলগ্ন এলাকায় কয়েক শ গ্রামবাসী অবস্থান কর্মসূচিতে যোগ দেয়। তারা মিছিল নিয়ে পল্লী বিদ্যুতের কার্যালয় ঘেরাও করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে তারা ইটপাটকেল ছোড়ে। পরে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ নিয়েপুলিশ ও জনতার মধ্যে থেমে থেমে চলে সংঘর্ষ। এতে কলসমা গ্রামের সাইফুল ইসলামসহ ১৮ জন আহত হন। সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন রামগঞ্জ-সোনাইমুড়ী, বালুয়া চৌমুহনী, কচুয়া, রামগঞ্জ-পৌদ্দার বাজার, দরবেশপুর-সমিতির বাজার, রামগঞ্জ-হাজীগঞ্জ ও রামগঞ্জ-লক্ষ্মীপুর সড়কসহ বিভিন্ন সড়ক গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখেন। দুপুর ১২টার দিকে স্থানীয় প্রশাসন লক্ষ্মীপুর থেকে অতিরিক্ত পুলিশ এনে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। এ সময় রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আ ক ম রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন আহত হন।
স্থানীয় বিদ্যুৎ গ্রাহক হানিফ মিয়া ও জহিরুল আলম জানান, লক্ষ্মীপুর সদরসহ পাশের উপজেলাগুলোতে রামগঞ্জের মতো লোডশেডিং হয় না। এখানে ২৪ ঘণ্টার মধ্যে আট ঘণ্টাও বিদ্যুৎ পাওয়া যায় না।
পল্লী বিদ্যুৎ সমিতির রামগঞ্জ কার্যালয়ে উপমহাব্যবস্থাপক বেলায়েত হোসেন বলেন, ‘বুধবার রাতে নোয়াখালী থেকে আসা প্রধান লাইনে সমস্যা দেখা দেয়। ওই লাইন সংস্কার করতে পাঁচ-ছয় ঘণ্টা লেগে যায়। এ কারণে রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ ছিল না। তা ছাড়া আমরা চাহিদার অর্ধেক বিদ্যুৎ পাচ্ছি। এতে লোডশেডিং দিতে হচ্ছে।’
রামগঞ্জ থানার ওসি লোকমান হোসেন জানান, বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করতে গেলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশের ওপর জনতা হামলা চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি নিক্ষেপ করে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
এদিকে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বুধবার রাত সাড়ে ১১টার দিকে রায়পুর উপজেলার রায়পুর-হায়দারগঞ্জ সড়কের পীর বাড়ি ও সিনেমা হলের সামনের অংশ গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখেন এলাকাবাসী। আন্দোলনকারীরা জানান, এ উপজেলায় এক ঘণ্টা পর পর দুই ঘণ্টা লোডশেডিং দেওয়া হয়। এ ছাড়া লো-ভোল্টেজের কারণেও রেফ্রিজারেটরসহ বিভিন্ন ইলেকট্রনিকস সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে।