রামগঞ্জে ব্যাংকে ডাকাতি, ২০ লাখ টাকা লুট
জনতা ব্যাংকের লক্ষ্মীপুরের রামগঞ্জ শাখায় ডাকাতি হয়েছে। ডাকাতেরা ব্যাংকের ভল্ট ভেঙে ২০ লাখ ৪৭ হাজার ৯১৯ টাকা লুট করে নিয়ে গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
ব্যাংকের ওই শাখার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শাখাটি রামগঞ্জ পৌর শহরে অবস্থিত। বৃহস্পতিবার ব্যাংকিং কার্যক্রম শেষে ভল্টে ২০ লাখ ৪৭ হাজার ৯১৯ টাকা ছিল। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কর্মকর্তারা যার যার বাড়ি চলে যান। শুক্রবার দিবাগত রাতে একদল ডাকাত কৌশলে ব্যাংকের কলাপসিবল গেটের তালা খুলে নিরাপত্তাকর্মী মোবারক হোসেনকে (৭০) মারধর ও অচেতন করে। পরে ডাকাতেরা ব্যাংকের ভল্ট ভেঙে ওই টাকা লুট করে নিয়ে যায়। এ সময় ব্যাংকের সিসিটিভির ক্যামেরাও ভেঙে নিয়ে যায় তারা।
আজ শনিবার সকালে ব্যাংকের অপর নিরাপত্তাকর্মী মো. শাহাজাহান দায়িত্ব পালনে এসে মোবারক হোসেনকে ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি ব্যাংকের ব্যবস্থাপকসহ অন্য কর্মকর্তাদের খবর দেন। মোবারককে অচেতন অবস্থায় উদ্ধার করে রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মোবারকের চেতনা না ফেরায় বেলা দুইটার দিকে পুলিশ হেফাজতে তাঁকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. আরিফ হোসেন জানান, মোবারকের নাকে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি দীর্ঘ সময় অচেতন থাকায় তাঁকে দ্রুত নোয়াখালীতে পাঠানো হয়েছে।
জনতা ব্যাংক রামগঞ্জ শাখার ব্যবস্থাপক এমরান হোসেন পাটওয়ারী বলেন, ব্যাংকের মূল গেটের তালা খুলে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে। তারা নিরাপত্তাকর্মীকে মারধর ও অচেতন করে ভল্টে থাকা ২০ লাখ ৪৭ হাজার ৯১৯ টাকা লুট করে নিয়ে গেছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া বলেন, আজ সকালে জেলা পুলিশ সুপার (এসপি) আ স ম মাহাতাব উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে তদন্ত চলছে।