রামগঞ্জে ব্যাংকের টাকা লুটের ঘটনায় একজন গ্রেপ্তার
জনতা ব্যাংক লক্ষ্মীপুরের রামগঞ্জ শাখার ভল্ট ভেঙে টাকা লুটের ঘটনায় গত রোববার খোরশেদ আলম নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। গতকাল সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, খোরশেদ আলমের (৪০) বাড়ি রামগঞ্জ উপজেলার পশ্চিম কাজীরখিল গ্রামে। তাঁকে রোববার রাতে পশ্চিম কাজীরখিল বাজার থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ব্যাংক লুটের কথা স্বীকার করেছেন এবং এ ঘটনায় জড়িত আরও চার ব্যক্তির নাম বলেছেন বলে পুলিশ দাবি করেছে।
ব্যাংকের ওই শাখার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৭ এপ্রিল দিবাগত রাতে একদল দুর্বৃত্ত ব্যাংকের কলাপসিবল গেটের তালা খুলে ভেতরে ঢুকে নিরাপত্তাকর্মী মোবারক হোসেনকে (৬৫) মারধর করে। পরে দুর্বৃত্তরা ব্যাংকের ভল্ট ভেঙে ২০ লাখ ৪৭ হাজার ৯১৯ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় ব্যাংকের সিসিটিভির ক্যামেরাও ভেঙে নিয়ে যায় তারা।
এ ঘটনায় গত ৯ এপ্রিল ব্যাংকের রামগঞ্জ শাখার ব্যবস্থাপক আরমান হোসেন পাটোয়ারী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে রামগঞ্জ থানায় মামলা করেন।