রামগঞ্জে ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনতা ব্যাংক লক্ষ্মীপুরের রামগঞ্জ শাখার ভল্ট ভেঙে টাকা লুটের ঘটনায় গতকাল রোববার চুরির মামলা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপক আরমান হোসেন পাটোয়ারী বাদী হয়ে এ মামলা করেন। এতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়।

গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ব্যাংকের ভল্ট ভেঙে ২০ লাখ ৪৭ হাজার ৯১৯ টাকা লুট হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। এ সময় ব্যাংকের নিরাপত্তাকর্মীকে অচেতন করা হয়।

এক দিন পর গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তাকর্মী মোবারক হোসেনের (৬৫) চেতনা ফিরেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে গত শনিবার রাতে নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়। এর আগে তাঁকে ব্যাংক থেকে উদ্ধার করে রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদিকে গতকালও পুলিশ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা শাখাটি পরিদর্শন করেন।

ব্যাংকের ওই শাখার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শাখাটি রামগঞ্জ পৌর শহরে জনতা ব্যাংক সড়কের পাটোয়ারী মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত। শুক্রবার দিবাগত রাতে একদল দুর্বৃত্ত কৌশলে ব্যাংকের কলাপসিবল গেটের তালা খুলে নিরাপত্তাকর্মী মোবারক হোসেনকে মারধর ও অচেতন করে। পরে ডাকাতেরা ব্যাংকের ভল্ট ভেঙে ওই টাকা লুট করে নিয়ে যায়। এ সময় ব্যাংকের সিসিটিভির ক্যামেরাও ভেঙে নিয়ে যায় তারা।

জনতা ব্যাংক রামগঞ্জ শাখার ব্যবস্থাপক আরমান হোসেন পাটওয়ারী বলেন, ব্যাংকের মূল গেটের তালা খুলে দুর্বৃত্তরা ভেতরে ঢোকে। এ সময় তারা নিরাপত্তাকর্মীকে মারধর ও অচেতন করে ভল্ট ভেঙে ফেলেন। পরে ভল্টে থাকা ২০ লাখ ৪৭ হাজার ৯১৯ টাকা ও ২৩ হাজার টাকার প্রাইজ বন্ড লুট করে নিয়ে যায়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া বলেন, ব্যাংকের টাকা উধাও হওয়ার ঘটনায় চুরির মামলা হয়েছে। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ সাত-আটজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নিরাপত্তাকর্মী মোবারক সুস্থ হলে তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তে বিষয়টি উদ্‌ঘাটিত হবে।