রামগঞ্জে যুবদল নেতাকে থানা হেফাজতে নির্যাতন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার এক যুবদল নেতাকে থানা হেফাজতে আটকে রেখে নির্যাতনের পর তাঁর বাঁ চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে দুজন এএসআইয়ের বিরুদ্ধে।
নির্যাতনের শিকার যুবদল নেতার নাম সাইফুল ইসলাম। একই উপজেলার ইছাপুর ইউনিয়নের চঙ্গিরগাঁ গ্রামের সামছুর নুর পাটওয়ারীর ছেলে সাইফুল ইসলাম নিজ ইউনিয়ন যুবদলের সহসভাপতি। আর অভিযুক্ত দুই এএসআই হলেন শরীফ হোসেন ও মহিউদ্দিন।
গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে রামগঞ্জ থানার পুলিশ সাইফুলকে পুলিশ ভ্যানে করে আদালতে নিয়ে আসে। এ সময় তিনি চোখ খুলতে পারছিলেন না। তাঁর শরীরের বিভিন্ন অংশে নির্যাতনের চিহ্ন দেখা গেছে। তিনি সাংবাদিকদের বলেন, ‘এএসআই শরীফ ও মহিউদ্দিন আমার এ অবস্থা করেছে। তারা সুই দিয়ে আমার বাঁ চোখ গুলিয়ে দেয়। আমি যুবদল করার কারণে এ নির্যাতন করা হয়েছে।’
সাইফুল ইসলামের স্ত্রী সিমু আক্তার ও তাঁর ভগ্নিপতি আনোয়ার হোসেন জানান, সাইফুল ঢাকার মিরপুরে ঝুট ব্যবসা করেন। বুধবার রাতে ঢাকা থেকে রামগঞ্জের নিজ বাড়িতে আসেন। বৃহস্পতিবার দুপুরে একই ইউনিয়নের যুবলীগকর্মী লিটন হাজারী মুঠোফোনে সাইফুলকে নিজ বাড়িতে ডেকে নেন। এর কিছুক্ষণ পর রামগঞ্জ থানার এএসআই শরীফ হোসেন, এএসআই মহিউদ্দিনসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁকে বেদম মারধর করে আহত করে। পরে থানায় নিয়ে তাঁকে দফায় দফায় পেটায় এবং খুঁচিয়ে তাঁর বাঁ চোখ নষ্ট করে দেয়।
সিমু আক্তার বলেন, তিনি থানায় গেলে পুলিশ তাঁকে স্বামীর সঙ্গে দেখা করতে দেয়নি। গত নির্বাচনের সময় স্থানীয় এমপির পক্ষে ভোট না করার কারণে পুলিশ দিয়ে এভাবে নির্যাতন করেছে। তিনি এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন।
নির্যাতন করেছেন কি না, তা জানতে চাইলে রামগঞ্জ থানার এএসআই শরীফ হোসেন কোনো কথা বলতে রাজি হননি। এ ব্যাপারে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন নির্যাতনের কথা অস্বীকার করেন।