খাগড়াছড়ির রামগড় উপজেলায় গত শনিবার রাতে আওয়ামী লীগের একটি ওয়ার্ড কার্যালয়ে রাখা বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ছবিসহ কার্যালয়ের মালামাল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গতকাল রোববার ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার রামগড় ইউনিয়নের হাতিরখেদা এলাকায় আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ড কার্যালয়ের তালা ভেঙে সেখানে টাঙানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বাইরে এনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া কার্যালয়ের আসবাবপত্র, সংগঠনের কাগজপত্র ও ব্যানারসহ অন্যান্য মালামালও পোড়ানো হয়।
১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এম জাহিদুর রশিদ এবং রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খানসহ পুলিশের কর্মকর্তারা কার্যালয়টি পরিদর্শন করেন। এ ছাড়া দলীয় নেতা-কর্মীরা ঘটনাস্থলে যান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা হোসেন বলেন, রাজনৈতিক প্রতিহিংসাবশত পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান বলেন, এ ঘটনায় ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এজাহারভুক্ত আসামি আনোয়ার হোসেন (২৩) ও মোতালেব হোসেনকে (২২) গ্রেপ্তার করা হয়েছে।
সূত্র জানায়, আনোয়ার হোসেন ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও মোতালেব হোসেন সদস্য।