রামগড়ে তুচ্ছ ঘটনায় হাতাহাতি-হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির রামগড় পৌরসভার সোনাইপুল বাজারে গতকাল সোমবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতি ও হামলার ঘটনায় ১০ জন আহত হয়েছেন। এ সময় একটি দোকান ভাঙচুর করা হয়।
আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন ওমর ফারুক (২৫), সবুজ সূত্রধর (২৬), মো. শাহজাহান (২৯), কেফায়েত উল্লাহ (৩৪), শাহ আলম (৩৫) ও মো. আলম (৪০)।
সোনাইপুল বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. হারুন বলেন, গতকাল বেলা একটার দিকে এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশাযোগে সোনাইপুল বাজার থেকে আটার বস্তা নিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশায় (টমটম) থাকা কাঠের সঙ্গে লেগে আটার বস্তা ছিঁড়ে যায়। এ নিয়ে আটার বস্তার মালিক কেফায়েত উল্লাহ ও টমটমের চালক শাহ আলমের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে পৌরসভার মহামুনি এলাকা থেকে কেফায়েত উল্লাহর আত্মীয়স্বজনেরা এসে সেখানে থাকা লোকজনের ওপর হামলা চালান। এতে ১০ জন আহত হন। এ সময় হামলাকারীরা একটি দোকান ভাঙচুর করেন।
রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সবুজ সূত্রধর বলেন, বাজারে হাঙ্গামা দেখে তিনি একটি হার্ডওয়্যারের দোকানে আশ্রয় নেন। হামলাকারীরা ওই দোকানের ভেতরে ঢুকে ইট ও লোহার রড দিয়ে আঘাত করে তাঁর মাথা ফাটিয়ে দেন।
আহত টমটমচালক শাহ আলম বলেন, কেফায়েত উল্লাহর আটার বস্তা ছিঁড়ে যাওয়ার পর তিনি তাঁকে (শাহ আলম) কিলঘুষি মারতে শুরু করেন। পরে কেফায়েত মুঠোফোনে খবর দিলে ৩০-৪০ ব্যক্তি রড, লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে পাঁচ-ছয়টি অটোরিকশাযোগে এসে সোনাইপুল বাজারের ব্যবসায়ীসহ সাধারণ লোকজনের ওপর হামলা চালান।
অভিযোগ অস্বীকার করে কেফায়েত উল্লাহ বলেন, তাঁর আটার বস্তা ছিঁড়ে গেলে তিনি প্রতিবাদ জানান। এ সময় টমটমের চালক তাঁকে মারধর করেন। খবর পেয়ে আত্মীয়স্বজনেরা এসে তাঁকে উদ্ধার করেন।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে কেউ এখনো থানায় লিখিত অভিযোগ করেননি।