লক্ষ্মীপুরের রামগতি উপজেলার দুর্গম ও বিচ্ছিন্ন তেলিরচরের কামালবাজার এলাকা থেকে গত শনিবার রাতে অস্ত্রসহ ১৩ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ বলছে, ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় লোকজনের সহায়তায় ওই ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে স্থানীয় সূত্রের ভাষ্যমতে, চর দখলের প্রস্তুতি নেওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তাদের ধরে পুলিশে সোপর্দ করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো মো. শাহাব উদ্দিন, মো. নোমান, মোবারক হোসেন, নীরব হোসেন, পারভেজ, মো. ফয়েজ উল্যাহ, জাকির হোসেন, দেলোয়ার হোসেন, আবদুল মান্নান, আরিফ হোসেন, মো. নুর নবী, হারুন ও শান্ত। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগ ও অস্ত্র আইনে রামগতি থানায় দুটি মামলা হয়েছে।
চর গজারিয়া (তেলিরচর) পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বলেন, তাঁরা খবর পান, ১৫-২০ জন জলদস্যু কামাল বাজার এলাকায় অবস্থান নিয়ে মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় শনিবার রাত সাড়ে আটটার দিকে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাদের কাছ থেকে দেশে তৈরি দুটি একনলা বন্দুক, একটি এলজি, দুটি ছেনি, চারটি কার্তুজ, তিনটি গুলি, দুটি গুলির খোসা ও দুটি সিগন্যাল লাইট উদ্ধার করা হয়।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক তেলিরচরের একাধিক সূত্র জানায়, চরগজারিয়ার খোকন বাহিনী কিছুদিন ধরে তেলিরচরের অদূরে লক্ষ্মীপুরের রামগতি, ভোলার তজুমদ্দিন ও নোয়াখালীর হাতিয়া উপজেলার সীমান্তবর্তী মেঘনা নদীতে জেগে ওঠা নতুন কয়েকটি চর নিয়ন্ত্রণ করে আসছিল। ওই চর দখলের জন্য রামগতির রঘুনাথপুর এলাকার সাহাব উদ্দিনের নেতৃত্বে একটি দল শনিবার রাতে তেলিরচরের কামাল বাজার এলাকায় অবস্থান নেয়। খোকন বাহিনীর লোকজন এ খবর পেয়ে তাদের ধরে পুলিশে সোপর্দ করে।
উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে আমি নিশ্চিত নই। মামলার তদন্ত কর্মকর্তা বিষয়টি খতিয়ে দেখবেন।’