রামগতিতে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার রামদয়াল বাজারে গত বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন উপজেলার চর আলগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. নুরনবী ও কর্মী জসীম উদ্দিন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সোহেল, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, দুই নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. রাসেল এবং আবদুল হাদী কলেজ ছাত্রলীগের সভাপতি হান্নান হাওলাদার। তাঁদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
চর আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে দলীয় নেতা-কর্মীদের সক্রিয় করার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় রামদয়াল সুলতানা বালিকা উচ্চবিদ্যালয় মাঠে কর্মী সমাবেশের আয়োজন করা হয়। নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক কোনো দলীয় নেতার পক্ষে যাতে স্লোগান না দেওয়া হয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছিল। কিন্তু সন্ধ্যায় রামদয়াল বাজারের দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে যাওয়ার সময় কিছু কর্মী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহেদ আলী ওরফে মনুর (চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী) পক্ষে স্লোগান দেন। এ সময় কিছু কর্মী তাঁদের বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষ পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় লাঠিসোঁটা ও ইটপাটকেলের আঘাতে উভয় পক্ষের সাতজন আহত হন।
শাহেদ আলী বলেন, অতি উৎসাহী কিছু কর্মী-সমর্থকের কারণে এটা ঘটেছে। তবে জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরে শান্তিপূর্ণভাবে কর্মী সমাবেশ শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী।