রামগতিতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মো. ইউছুফ নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তঁার নাম খলিলুর রহমান। গত শনিবার রাতে উপজেলার চরগাজী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় খলিলুরের স্ত্রীও আহত হয়েছেন। নিহত ইউছুফ চরগাজী ইউনিয়নের মধ্য টুমচর এলাকার মো. বেল্লালের ছেলে।
চরগাজী ইউনিয়ন পরিষদের সদস্য রন্টুলাল সাহা জানান, চরলক্ষ্মী এলাকার খলিলুর রহমান ও তাঁর স্ত্রীর দুটি সন্তান রয়েছে। খলিল এলাকার বাইরে ইটভাটায় কাজ করেন। এ কারণে তাঁর স্ত্রী সন্তানদের নিয়ে একই এলাকায় বাবার বাড়িতে থাকেন। তাঁর অনুপস্থিতিতে স্ত্রী ইউছুফের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন বলে সন্দেহ করতেন খলিল। শনিবার রাতে শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীর সঙ্গে ইউছুফকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। ধারালো অস্ত্র নিয়ে খলিল তাঁর স্ত্রী ও ইউসুফকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। তাঁদের চিৎকারে ওই সময় স্থানীয় লোকজন এসে খলিলকে আটক করে পুলিশে দেন। রন্টুলাল আরও জানান, হামলার পর ঘটনাস্থলেই ইউছুফ মারা যান। গুরুতর আহত খলিলের স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, এ ঘটনায় খলিলের বিরুদ্ধে মামলা করেছেন নিহত ইউছুফের স্ত্রী। ইউছুফের লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খলিলকে গ্রেপ্তার করা হয়েছে।