রামগতিতে ওয়ার্ড বিএনপির সম্মেলনে হামলা, আহত ১৫
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হামলার ঘটনা ঘটেছে। বিএনপির অভিযোগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা ওই হামলা চালিয়েছেন।
উপজেলা বিএনপির সদস্যসচিব মো. জামাল উদ্দিন বলেন, গতকাল চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের জয়নাল মিয়ার মোড় এলাকার একটি বাড়িতে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন চলছিল। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে সেখানে হামলা চালান। এ সময় তাঁদের ১০টি মোটরসাইকেল ভাঙচুর ও তিনটি মোটরসাইকেল লুট করা হয়।
বিএনপির সূত্র জানায়, হামলাকারীদের পিটুনিতে উপজেলা ছাত্রদলের সভাপতি আরাফাত হোসেন, চরগাজী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মীর ফরহাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক মীর আজমল হোসেনসহ বিএনপি ও ছাত্রদলের ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। গুরুতর আহত আরাফাত হোসেনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে হামলার প্রতিবাদে রাত সাড়ে আটটার দিকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের কর্মীরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন।
হামলার অভিযোগ অস্বীকার করে উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন বলেন, জয়নালের মোড় এলাকায় বিএনপির সমাবেশে সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেওয়া হয়। যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা এর প্রতিবাদ জানান।
রামগতি থানার এসআই মো. রফিক বলেন, কারা ওই হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।