রামগতিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলেকজান্ডার ইউনিয়নে গত মঙ্গলবার দিবাগত রাতে এক কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ধর্ষণের অভিযোগে গত বুধবার রাতে নীরব হোসেন (২১) নামের এক ব্যক্তিকে আসামি করে ওই কিশোরী রামগতি থানায় মামলা করেছে।
ওই কিশোরীর ভাষ্যমতে, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে প্রতিবেশি নীরব হোসেন বসতঘরের বেড়া কেটে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। একপর্যায়ে তার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে নীরব পালিয়ে যান।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, ওই কিশোরীর বাবা মারা গেছেন। মঙ্গলবার রাতে তার মা ও ভাই বেড়াতে যাওয়ায় সে বাড়িতে একা ছিল। এই সুযোগে বেড়া কেটে গভীর রাতে বসতঘরে ঢুকে নীরব তাকে ধর্ষণ করেন। ঘটনার পর থেকে নীরব পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার লক্ষ্মীপুর সদর হাসপাতালে ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা হয়েছে।