রামগতিতে কিশোরকে অপহরণের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতিতে এক কিশোরকে অপহরণের চেষ্টার সময় এলাকাবাসী সাত যুবককে ধরে পিটুনি দিয়েছেন। গত শনিবার রাত নয়টার দিকে উপজেলার রামদয়াল বাজারে এ ঘটনা ঘটে। পরে পুলিশ আহত অবস্থায় সাত যুবককে আটক করে। তাঁদের কাছে একটি রামদা, একটি কিরিচ, একটি চাপাতি ও রড পাওয়া গেছে। এ ছাড়া তাদের বহন করে নিয়ে আসা সিএনজিচালিত দুটো অটোরিকশা থানায় নিয়ে যায় পুলিশ।
ওই কিশোরের নাম মো. মাসুদ (১৫)। তার বাড়ি উপজেলার চরমেহার গ্রামে। রামদয়াল বাজারটি এই গ্রামেই। গণপিটুনিতে আহত সাতজনকে পুলিশি পাহারায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। গতকাল তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তার সাত যুবক হলেন মো. জামাল উদ্দিন (১৮), বাহার উদ্দিন (২০), মো. ইসমাইল (২০), মেজবাহ উদ্দিন (১৮), এনামুল হক (২০), মো. জসীম উদ্দিন (২২) ও মো. স্বপন (১৮)।
রামদয়াল এলাকার বাসিন্দা আবদুল বাকের, নোমান উদ্দিনসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, শনিবার রাত নয়টার দিকে দুটি অটোরিকশা নিয়ে সাত যুবক চরমেহার এলাকার হেলাল উদ্দিনের ছেলে মো. মাসুদকে (১৫) রামদয়াল বাজার থেকে অপহরণের চেষ্টা করে। এ সময় মাসুদের চিৎকার শুনে লোকজন এগিয়ে এসে অপহরণকারীদের ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, মাসুদ নোয়াখালীর মাইজদী শহরের একটি হোটেলের কর্মচারী ছিল। ওই হোটেলের অন্য কর্মচারীদের সঙ্গে সে একই কক্ষে থাকত। মাসখানেক আগে মুঠোফোন চুরির অভিযোগে সহকর্মীদের সঙ্গে তার বিরোধ হয়। পরে কাজ ছেড়ে সে গ্রামে চলে আসে। এতে ক্ষুব্ধ হয়ে তার সহকর্মীসহ সাত যুবক শনিবার সন্ধ্যায় রামদয়াল বাজারে আসেন। এ সময় স্থানীয় লোকজন তাঁদের ধরে গণপিটুনি দেয়। তিনি বলেন, গতকাল রোববার সাতজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।