রামগতিতে গৃহবধূকে গলা কেটে হত্যা স্বামী গ্রেপ্তার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের দক্ষিণ টুমচর এলাকার বয়ারচর আদর্শ গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে মমতাজ বেগম (৪০) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী বশিরকে গত শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ।
মমতাজের ভাই জসিম উদ্দিন বলেন, ১০ বছর আগে বশিরের সঙ্গে মমতাজের বিয়ে হয়। মমতাজের হোসেন মোহাম্মদ (৭) ও আপন (২) নামের দুই ছেলে আছে।
জসিমের ভাষ্যমতে, বিয়ের পর থেকেই বশির বিভিন্ন সময়ে নানা অজুহাতে মমতাজকে মারধর করতেন। পারিবারিক বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাতে কৌশলে বাড়ির পাশের একটি সয়াবিন খেতে নিয়ে তিন-চারজন অজ্ঞাতনামা ব্যক্তির সহযোগিতায় বশির মমতাজকে গলা কেটে হত্যা করেন।
পুলিশ জানায়, এ ঘটনায় বশিরসহ অজ্ঞাতনামা তিন-চারজনকে আসামি করে রামগতি থানায় মামলা করেছেন জসিম উদ্দিন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, মমতাজ হত্যার সঙ্গে জড়িত সন্দেহে এলাকার লোকজন বশিরকে ধরে পুলিশে সোপর্দ করে। শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে মমতাজের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। গতকাল শনিবার পরিবারের কাছে তাঁর লাশ হস্তান্তর করা হয়েছে।