লক্ষ্মীপুরের রামগতি উপজেলার পশ্চিম চরসীতা এলাকায় গত সোমবার যৌতুকের জন্য শ্বশুরবাড়ির লোকজন নাহারুন নাহার (১৮) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় রামগতি থানায় হত্যা মামলা হয়েছে। পুলিশ নাহারুনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নাহারুন পশ্চিম চরসীতা গ্রামের আবদুল মালেকের স্ত্রী। তিনি উপজেলার পূর্ব চরকলাকোপা গ্রামের দুলাল হাওলাদারের মেয়ে।
মামলার বাদী দুলাল হাওলাদার বলেন, গত মার্চে আবদুল মালেকের সঙ্গে নাহারুনের বিয়ে হয়। কয়েক দিন আগে নাহারুনের স্বামী, শ্বশুর ও দেবর তাঁর কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করেন। কিন্তু তাঁর পক্ষে ওই যৌতুক দেওয়া সম্ভব হচ্ছিল না। এ নিয়ে তাঁরা নাহারুনের ওপর চাপ সৃষ্টি করেন এবং সোমবার তাঁকে বেধড়ক মারধর করে মেরে ফেলেন।
মামলার তদন্ত কর্মকর্তা রামগতি থানার এসআই ওয়াহিদুজ্জামান বিশ্বাস জানান, শ্বশুরবাড়ি থেকে নাহারুনের লাশ উদ্ধার করা হয়। লাশের গলা ও শরীরের বিভিন্ন স্থানে কালো জখম ও আঘাতের চিহ্ন দেখা গেছে। তিনি জানান, ঘটনার পর থেকে নাহারুনের স্বামী, শ্বশুর ও দেবর পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।