রামগতিতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি থেকে কহিনুর বেগম (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার চরগাজী ইউনিয়নের চরআফজল গ্রামের আবদুল বাছেতের বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
কহিনুর চরআফজল গ্রামের মো. মামুনের স্ত্রী। একই গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে।
কহিনুরের ভাই মো. সেলিম জানান, সাড়ে চার বছর আগে প্রতিবেশী মামুনের সঙ্গে কহিনুরের বিয়ে হয়। মিহাদ নামে দুই বছর বয়সী একটি ছেলে রয়েছে তাঁর।
সেলিম অভিযোগ করেন, বিয়ের পর থেকেই মামুন যৌতুক দাবি করেন। টাকা দিতে না পারলে স্বামী ও শ্বশুর-শাশুড়ি কহিনুরকে মারধর করত। সর্বশেষ মঙ্গলবার কহিনুরের শ্বশুর-শাশুড়ি ১০ হাজার টাকা যৌতুক দাবি করেন। এ নিয়ে কহিনুর দুশ্চিন্তার মধ্যে পড়েন। পরে রাতে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
রামগতি থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক জানান, রাত নয়টার দিকে বাড়ির একটি আমগাছে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় কহিনুরকে তাঁর শ্বশুর আবদুল বাছেত দেখতে পান। পা নাড়াচাড়া করতে দেখে তখনো বেঁচে আছেন ভেবে প্রতিবেশীদের সহায়তায় কহিনুরকে ঝুলন্ত অবস্থা থেকে দ্রুত নিচে নামান তিনি। পরে চিকিৎসক এসে তাঁকে মৃত ঘোষণা করেন।
এসআই রফিক জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য গতকাল বুধবার লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে কহিনুরের স্বামী মো. মামুন, শ্বশুর আবদুল বাছেত ও শাশুড়ি রেশমা বেগমের বিরুদ্ধে কহিনুরের ভাই মো. সেলিম মামলা করেছেন।