প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জলদস্যুতার অভিযোগে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগজারিয়ার তেলিরচর থেকে গত বৃহস্পতিবার রাতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবদুর রহিম ও মিনহাজ।
চরগজারিয়া পুলিশ ফাঁড়ির এসআই মফিজুর রহমান বলেন, রহিম ও মিনহাজের নেতৃত্বে একদল জলদস্যু বৃহস্পতিবার সকালে মেঘনা নদী থেকে বয়ারচরের মনির উদ্দিনের মাছ ধরার ট্রলার ছিনতাই করে। পরে তারা ছিনতাই করা ট্রলার নিয়ে মেঘনা নদীতে কয়েকটি মাছ ধরার ট্রলারে ডাকাতি করে। সন্ধ্যার দিকে তারা তেলিরচরের কামাল বাজার এলাকায় যায়। পুলিশ রাতে কামাল বাজার এলাকার একটি খাল থেকে ছিনতাই করা ট্রলারটি উদ্ধার করে।
রামগতি থানার ওসি মো. ইকবাল হোসেন জানান, উদ্ধার করা ট্রলারটি মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। রহিম ও মিনহাজকে শনিবার (আজ) আদালতে হাজির করা হবে।