রামগতিতে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ১, আহত ৬
লক্ষ্মীপুরের রামগতিতে গতকাল সোমবার দুই পক্ষের সংঘর্ষে সজীব ইস্রাফিল (২২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের নতুন রাস্তার মাথা এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন মো. সালাউদ্দিন, মহিউদ্দিন, সোহরাব হোসেন, আবদুল বাছেত, কামাল উদ্দিন ও জাহের।
রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মো. সালাউদ্দিন জানান, তাঁর পিতার (আনোয়ারুল হক) কাছ থেকে সজীব ইস্রাফিল কিছুদিন আগে আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক মহাসড়কের পাশের একটি জমি কেনেন। রোববার ওই জমিতে দোকানঘর তোলেন সজীব। গতকাল সকালে আবদুল হালিমের ছেলে আবদুল বাছেত, আবুল কালাম ও জাহের ওই জমির দখল দাবি করে ১০-১২ জন লোক নিয়ে দোকানঘরটি ভাঙতে যান। এতে বাধা দিলে উভয় পক্ষে সংঘর্ষ হয়। সংঘর্ষে সজীব ও তিনিসহ তাঁর দুই ভাই আহত হন। গুরুতর আহত অবস্থায় নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর সজীব মারা যান।
আবদুল বাছেত জানান, দোকানঘর করার জন্য দুই বছর আগে তিনি মহাসড়কের পাশের ওই জমিতে মাটি ভরাট করেন। ওই সময় থেকে জায়গাটি খালি পড়ে ছিল। এ সুযোগে তাঁর খালাতো ভাই আনোয়ারুল হক গোপনে সজীবের কাছে জমিটির দখল বিক্রি করেন। রোববার সজীব ওই জমিতে ঘর তোলেন। খবর পেয়ে গতকাল সকালে সেখানে গেলে আনোয়ারের ছেলেরা সজীবকে সঙ্গে নিয়ে তাঁদের ওপর অতর্কিতে হামলা করে। হামলায় তিনিসহ তাঁর ভাই আবুল কালাম ও জাহের আহত হন।
নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ফরিদ উদ্দিন চৌধুরী জানান, সকাল সাড়ে নয়টার দিকে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম নিয়ে সজীব হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টায় তিনি মারা যান।
রামগতি থানার উপপরিদর্শক মানিক বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করে দুপুরে জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে ওই সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সজীব মারা যান। ওই ঘটনায় উভয় পক্ষে আরও চার-পাঁচজন আহত হয়েছেন। তিনি জানান, সজীবের মরদেহ ময়নাতদন্ত করানোর পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।