রামগতিতে ডাকাতির অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়ন থেকে যুবলীগের এক নেতাকে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মো. কবির ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। গতকাল বুধবার সকালে ইউনিয়নের সুজনগ্রামের বালুরচর এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, কবির রামগতি থানার তালিকাভুক্ত জলদস্যু। তাঁর বিরুদ্ধে রামগতি ও কমলনগর থানায় পৃথক দুটি ডাকাতির মামলা রয়েছে।
চর আলেকজান্ডার ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. জাফর জানান, কবির চর আলেকজান্ডার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খোরশেদ আলমের ছেলে এবং ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। ডাকাতির অভিযোগ সত্য হলে কবিরের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার: রামগতির চর পোড়াগাছা ইউনিয়নের হাজিগঞ্জ বাজার এলাকা থেকে মঙ্গলবার রাতে মো. খবির উদ্দিন নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ক্রেতা সেজে ফাঁদ পেতে সাদা পোশাকের পুলিশ তাঁকে গ্রেপ্তার করে বলে জানান রামগতি থানার ওসি মো. ইকবাল হোসেন। তিনি বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে খবির তাঁর সঙ্গে থাকা ইয়াবা বড়িগুলো পাশের খালে ফেলে পালানোর চেষ্টা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর গতকাল তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।