রামগতিতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩৫
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের চর কলাকোপা হারুন বাজারে শনিবার রাতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। ওই সময় পাঁচটি দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহত ব্যক্তিদের কমলনগর ও নোয়াখালীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পারিবারিক কলহের জের ধরে শনিবার রাত ৯টার দিকে স্থানীয় চৌধুরী মাঝি ও আবদুল আলীর পরিবারের লোকজনের মধ্যে ওই সংঘর্ষ হয়। ওই সময় লাঠি, ধারালো অস্ত্র ও ইটের আঘাতে দুপক্ষের অনেকেই আহত হন। কয়েকটি দোকানেও ভাঙচুর করা হয়।
গতকাল রোববার সকালে হারুন বাজারে গিয়ে দেখা যায়, পাঁচটি দোকানের বেড়ার টিনে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর দাগ। দোকানগুলোর মালামাল ও আসবাবপত্র লন্ডভন্ড অবস্থায় পড়ে আছে।
চৌধুরী মাঝির ছেলে আজাদ উদ্দিন জানান, সাত থেকে আট বছর আগে আবদুল আলীর ছেলে মো. ফারুকের সঙ্গে তাঁর বোন পারভিন আক্তারের এবং আবদুল আলীর ভাতিজা মো. রফিকের সঙ্গে তাঁর চাচাতো বোন রিনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে রফিক ও তাঁর পরিবারের লোকজন রিনাকে মারধর করে। এ নিয়ে গত শুক্রবার সন্ধ্যায় হারুন বাজারে রিনার ভাসুর বেচু মিয়া ও কবিরের সঙ্গে তাঁর চাচা জহির উদ্দিনের (রিনার বাবা) কথা-কাটাকাটি হয়। ওই সময় বেচু মিয়া ও কবির তাঁর বাবা ও চাচাকে মারধর করেন। এ ঘটনার জের ধরে শনিবার রাতে দুপক্ষের সংঘর্ষের সময় তাঁদের তিনটি দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়। সংঘর্ষে তাঁদের ১৫ স্বজন আহত হন। তাঁদের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল আলী গতকাল রোববার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পূর্ববিরোধের জের ধরে শনিবার রাতে চৌধুরী মাঝির পরিবারের লোকজন হারুন বাজারে তাঁর মুদি দোকানে ভাঙচুর ও লুটপাট করে। ওই সময় সংঘর্ষে তিনি, তাঁর ছেলেসহ ২০ জন স্বজন আহত হন। এদের মধ্যে ১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি।