রামগতিতে দুটি লাশ উদ্ধার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী এলাকায় বয়ারচরের পৃথক স্থান থেকে গতকাল সোমবার দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ।
চরগাজী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হেলাল উদ্দিন বলেন, বয়ারচরের গাবতলী স্লুইসগেটের কাছে মেঘনা নদীতে গতকাল সকালে মো. জুয়েল (২৩) নামের এক জেলের লাশ পাওয়া যায়। জুয়েলের বাড়ি বয়ারচরে। তিনি বলেন, এ ছাড়া রোববার রাতে মেঘনা নদীতে অজ্ঞাতনামা এক ব্যক্তির (পুরুষ) গলিত লাশ ভাসতে দেখা যায়। গতকাল পুলিশ লাশটি উদ্ধার করে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, জুয়েল মৃগীরোগী ছিলেন বলে তাঁর পরিবার ও এলাকার লোকজন জানিয়েছেন। হঠাৎ মৃগীরোগের উপসর্গ (খিঁচুনি) দেখা দিলে তিনি অজ্ঞান হয়ে নদীতে পড়ে মারা যান বলে ধারণা করা হচ্ছে। তিনি জানান, জুয়েলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অজ্ঞাতনামা ব্যক্তির লাশের ব্যাপারে ওসি বলেন, লাশটি পুরোপুরি গলিত অবস্থায় ছিল। এ কারণে ওই ব্যক্তি বয়স বোঝা যাচ্ছে না। তিনি জানান, চরগাজী ইউপির স্থানীয় সদস্য ও এলাকার লোকজনের উপস্থিতিতে লাশটি দাফন করা হয়েছে।