রামগতিতে পুকুরের দখল নিয়ে সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরি এলাকায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) আওতায় তৈরি করা মাটির কিল্লা (ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় প্রাণিসম্পদের আশ্রয়ের জন্য উঁচু করে তৈরি করা মাটির ঢিবি) ও পুকুরের দখল নিয়ে বিরোধের জের ধরে গতকাল রোববার দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, ওই কিল্লা ও পুকুরের জমি নিয়ে বড়খেরি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আনোয়ার হোসেন খানের সঙ্গে কিল্লা এলাকার জিয়া উদ্দিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গতকাল সকালে আনোয়ার হেসেন খান কিল্লার পুকুরে মাছ ধরতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
জিয়া উদ্দিনের বাবা মো. আবদুল ওহাব বলেন, কিল্লার পুকুর ভাড়া নিয়ে জিয়া উদ্দিন ৫-৬ বছর ধরে মাছ চাষ করে আসছেন। আনোয়ার হোসেন ওই পুকুরের মালিকানা দাবি করে সকালে লোকজন নিয়ে সেখানে মাছ ধরতে যান। এতে বাধা দিলে তাঁরা (আনোয়ার হোসেন) জিয়া উদ্দিনের লোকজনের ওপর হামলা চালান। এতে জিয়া উদ্দিন ও তাঁর পক্ষের আবদুল মোতালেব, মেহরাজ উদ্দিন, জহির উদ্দিন, মো. সোহেলসহ সাত-আটজন আহত হন। গলায় টেঁটাবিদ্ধ আবদুল মোতালেব ও আহত অন্য লোকজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে আনোয়ার হোসেন খানের ছেলে মো. রাশেদ বলেন, কিল্লার পুকুরের জমি খাস খতিয়ানভুক্ত হওয়ায় তাঁর বাবা বন্দোবস্ত নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। গতকাল তাঁরা মাছ ধরতে গেলে জিয়া উদ্দিন তাঁর লোকজন নিয়ে বাধা দেন। এ সময় দুপক্ষের সংঘর্ষ হয়। এতে তিনি ও তাঁদের পক্ষের সুজন মিয়া, আবদুল হামিদ, আবদুর রহমান, আফছার উদ্দিন, মো. নবী, সুমনসহ ১০ জন আহত হন। তাঁদের নোয়াখালীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, কিল্লার পুকুরের দখল নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে। তিনি জানান, সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষই মামলা করেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।