রামগতিতে পুলিশের ওপর 'যুবলীগের' হামলা, আহত ৪
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগজারিয়ার চেয়ারম্যান বাজারে গতকাল শুক্রবার পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে চরগজারিয়া পুলিশ ক্যাম্পের চার সদস্য আহত হয়েছেন। যুবলীগের কর্মীরা ওই হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত পুলিশ সদস্যরা হলেন নায়েক মো. ইউসুফ, কনস্টেবল জিসান আহম্মদ, প্রবির কান্তি নাগ ও সজীব বিকাশ ত্রিপুরা। তাঁদের মধ্যে জিসানকে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
রামগতি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন কনস্টেবল জিসান আহম্মদ বলেন, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে কথা বলার জন্য চর-আবদুল্লাহ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নানকে চেয়ারম্যান বাজার থেকে পুলিশ ক্যাম্পে ডেকে নেওয়া হচ্ছিল। ওই সময় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আইয়ুব নবী যুবলীগের স্থানীয় কিছু কর্মী ও এলাকার লোকজনকে নিয়ে অতর্কিতে তাঁদের ওপর হামলা চালান। এ সময় তাঁদের মারধর করে আবদুল হান্নানকে ছিনিয়ে নেওয়া হয়। খবর পেয়ে ক্যাম্পের অতিরিক্ত পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে।
মুঠোফোন বন্ধ থাকায় এ ব্যাপারে আবদুল হান্নান ও আইয়ুব নবীর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন বলেন, স্থানীয় লোকজনের সঙ্গে পুলিশের ঝামেলা হয়েছে বলে তিনি শুনেছেন। ওই ঘটনার সঙ্গে যুবলীগের কর্মীরা জড়িত নন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, যুবলীগের নেতা আবদুল হান্নানকে পুলিশ ক্যাম্পে ডেকে নিয়ে যাওয়ার সময় ওই হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।