রামগতিতে যুবদলের নেতাকে কুপিয়ে হত্যা
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরনেয়ামত সুপিরহাট বাজার এলাকায় প্রতিপক্ষের হামলায় আহত যুবদলের নেতা আবদুল কাদের (৪০) বুধবার রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে মারা গেছেন। সেদিন সকালে তিনি হামলায় আহত হন।
পুলিশ জানায়, এ ঘটনায় কাদেরের বড় ভাই আবদুল মালেক বুধবার রাতে রামগতি থানায় হত্যা মামলা করেছেন। মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। পুলিশ মামলার আসামি জয়নাল আবেদিনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
রামগতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জানান, আবদুল কাদের চরআলগী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি ছিলেন। তিনি স্থানীয় সুপিরহাট বাজারে মুরগির ব্যবসা করতেন।
মামলার বাদী আবদুল মালেক বলেন, বাড়ির জমি নিয়ে কাদেরের সঙ্গে প্রতিবেশী জয়নালের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত মঙ্গলবার সকালে জয়নাল আবেদিন বিরোধপূর্ণ ওই জমি থেকে একটি গাছ কেটে নিয়ে যান। ওই সময় কাদের বাড়িতে ছিলেন না। বিকেলে এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। বুধবার সকালে সুপিরহাট বাজারে নিজের দোকানে যাওয়ার সময় জয়নাল আবেদিন ও তাঁর ছেলে কয়েকজন সহযোগীকে নিয়ে কাদেরের ওপর হামলা চালান। এ সময় তাঁকে কুপিয়ে জখম করা হয়। পরে তাঁকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, এ ঘটনায় আরিফ হোসেন নামের এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁকেও গ্রেপ্তার দেখানো হবে।
এদিকে কাদের হত্যার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সুপিরহাট বাজারের দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ব্যবসায়ী ও এলাকাবাসী। সমাবেশে বক্তব্য দেন সুপিরহাট বাজার উন্নয়ন কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মো. সফিক উদ্দিন।