রামগতিতে হামলা, চারজন গুলিবিদ্ধসহ আহত ৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় গতকাল মঙ্গলবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। একই দিন কক্সবাজারের মহেশখালী উপজেলার একটি ইউপিতে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
রামগতি উপজেলার বড়খেরি, চরআলগী ও চর আবদুল্যাহ ইউপিতে গতকাল ভোট গ্রহণ করা হয়। সকাল সাড়ে ১০টায় বড়খেরি ইউপির ৭ নম্বর ওয়ার্ডে মুজাস্বর মিয়ার বাড়ির পাশে স্থাপিত অস্থায়ী ভোটকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আহম্মদ মিজানুর রহমান বলেন, সদস্য পদপ্রার্থী বেলাল উদ্দিন, মাকছুদুর রহমান ও মো. জমির আলীর সমর্থকদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় কেন্দ্রের টিনের বেড়া ভাঙচুর করা হয়।
মাকছুদুর রহমান অভিযোগ করেন, বেলাল উদ্দিন কেন্দ্রে ঢুকে ভোটারদের প্রভাবিত করছিলেন। এতে বাধা দিলে তাঁর সমর্থকেরা হামলা চালান। এতে তাঁর ১৫ সমর্থক আহত হন।
তবে অভিযোগ অস্বীকার করে বেলাল উদ্দিন বলেন, তাঁর প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী মাকছুদ ও জমির আলী একত্র হয়ে ভোটকেন্দ্র দখলের চেষ্টা করেন। এতে বাধা দিলে সংঘর্ষ হয়। সংঘর্ষে তাঁর ১০ কর্মী আহত হন। পরে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এ সময় তাঁর শ্বশুর আনার উল্যাহ, মো. মিরাজ, মো. বাপ্পি ও রিনা বেগম গুলিবিদ্ধ হন। চিকিৎসার জন্য তাঁদের নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
জমির আলী বলেন, বেলাল ও মাকছুদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় তাঁকে মারধর এবং তাঁর বড় ভাই জহিরুল ইসলামকে কুপিয়ে জখম করা হয়। এ ছাড়া শাহেদুল ইসলাম, তাজমির, জুয়েলসহ তাঁর পাঁচ সমর্থককে পিটিয়ে আহত করা হয়েছে।
কেন্দ্রে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল হাই বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ২১টি ফাঁকা গুলি ছোড়া হয়। সংঘর্ষকালে এএসআই ইমাম হোসেন আহত হন। সংঘর্ষের সময় উপস্থিত থাকা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই এহেতেশামুল হক বলেন, সংঘর্ষ নিয়ন্ত্রণের জন্য তাঁরাও ১০টি ফাঁকা গুলি ছোড়েন।
এদিকে দুপুর ১২টার দিকে বড়খেরি ইউপির ৪ নম্বর ওয়ার্ডে মাহমুদা বেগম জুনিয়র উচ্চবিদ্যালয় কেন্দ্রে সদস্য পদপ্রার্থী আকতারুজ্জামানের সমর্থকেরা আবদুল মতিনের সমর্থক মো. নুর উদ্দিন ও মিলাদ উদ্দিনকে পিটিয়ে আহত করেন। ৬ নম্বর ওয়ার্ডে দক্ষিণ রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রেও দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষে ১০ জন আহত হন।
চরআলগী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মধ্য চরআলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা গোলাম মোর্শেদ বলেন, বেলা পৌনে ১১টার দিকে সদস্য পদপ্রার্থী নাসির উদ্দিন ও আবুল খায়েরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ভোট গ্রহণ শুরু হয়।
৭ নম্বর ওয়ার্ডে রামদয়াল নুরানী হাফেজিয়া মাদ্রাসা কেন্দ্রে কর্তব্যরত এসআই মানিক বড়ুয়া বলেন, দুই সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে দুপুর সাড়ে ১২টার সময় কেন্দ্রের বাইরে সংঘর্ষ হলে চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।
এদিকে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউপিতে গতকাল শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। এতে ১২ হাজার ৪৫৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী তারেক বিন ওসমান শরীফ।
ইউপি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়কারী ও কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক বলেন, নির্বাচন ঘিরে র্যা ব, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ ও আনসারের সমন্বয়ে প্রতিটি কেন্দ্রে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল।
এ ছাড়া বড় মহেশখালী ইউপির স্থগিত মগরিয়াকাটা কেন্দ্রে গতকাল ভোট অনুষ্ঠিত হয়। এতে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী এনায়েত উল্লাহ পান ৫৯২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী শরীফ বাদশাহ পান মাত্র ১ ভোট। ফলে সব কেন্দ্র মিলিয়ে ১২ হাজার ৩৮ ভোট পেয়ে এনায়েত উল্লাহ বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী শরীফ বাদশাহ পেয়েছেন ১০ হাজার ৬১১ ভোট।
বরকলেও শান্তিপূর্ণ ভোট
এদিকে রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ৭টি ওয়ার্ডে গতকাল শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ডগুলো হলো ১, ২, ৩, ৪, ৫, ৬ ও ৯। এর মধ্যে ১, ২, ৩, ৪ ও ৯ ওয়ার্ডের সাধারণ সদস্যপদে এবং ১ থেকে ৬ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত আসনে ভোট নেওয়া হয়।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা পল্লবী চাকমা বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নাইক্ষ্যংছড়িতে শান্তিপূর্ণ ভোট
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান পদে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তসলিম ইকবাল ৪ হাজার ৪৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নূরুল আলম ৩ হাজার ৩৫ ভোট পেয়েছেন।
উপজেলা প্রশাসন দাবি করেছে, নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। ৭৩ দশমিক ২৬ শতাংশ ভোট পড়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তরুণ কুমার চাকমা বলেন, কোথাও কোনো অভিযোগ পাওয়া যায়নি। প্রার্থীদের কেউ লিখিতভাবে কোনো অভিযোগ করেননি।
তবে বিএনপির প্রার্থী নূরুল আলম ও তাঁর প্রধান নির্বাচনী এজেন্ট উফোসা মারমা বলেছেন, নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। প্রশাসনের লোকজন কারচুপির বিরুদ্ধে কোথাও কোনো ধরনের প্রতিরোধ গড়ে তোলেনি।
নাইক্ষ্যংছড়ি ইউপির চেয়ারম্যানের মৃত্যু হওয়ায় পদটি শূন্য হয়। ফলে গতকাল শুধু চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।