রামগতিতে ১০ লাখ চিংড়ি পোনা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগজারিয়ায় আজাদ বাজারের একটি আড়ত থেকে গতকাল মঙ্গলবার ১০ লাখ বাগদা চিংড়ির পোনা জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় পোনা পরিবহনের একটি ট্রলারও জব্দ করা হয়।
কোস্টগার্ডের রামগতি কন্টিনজেন্ট কমান্ডার জাহিদুর রহমান জানান, খুলনার কয়েকজন ব্যবসায়ী ইঞ্জিনচালিত একটি ট্রলার নিয়ে রামগতির দুর্গম ও বিচ্ছিন্ন চরগজারিয়ার আজাদ বাজার এলাকায় বাগদা চিংড়ির পোনা কিনছিলেন। খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল সেখানে অভিযান চালালে ব্যবসায়ীরা ট্রলার ফেলে পালিয়ে যান। এ সময় পরিত্যক্ত অবস্থায় ট্রলারটি আটক করা হয়। পরে ওই বাজারের একটি আড়ত থেকে প্রায় ১০ লাখ বাগদা চিংড়ির পোনা জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
মৎস্যসম্পদ উন্নয়ন ও সংরক্ষণবিষয়ক রামগতি উপজেলা টাস্কফোর্সের সদস্যসচিব ও জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন জানান, জব্দ করা চিংড়ির পোনা মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে।
জব্দ করা ট্রলারটি চর আবদুল্লাহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মিলাদ উদ্দিনের জিম্মায় রাখা হয়েছে।