রামগতিতে 'ডাকাতের গোলাগুলিতে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতিতে ‘দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে’ মো. মজনু (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের ভাষ্য, গতকাল সোমবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে চররমিজ ইউনিয়নের চরআফজল গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, মজনু মেঘনা নদীর জলদস্যু ‘মজনু বাহিনী’র প্রধান। হত্যা, অপহরণ, ডাকাতি ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে রামগতি, নোয়াখালীর চরজব্বর, হাতিয়া ও ভোলার তজুমুদ্দিন থানায় ১৪টি মামলা রয়েছে। তিনি চরআফজল গ্রামের মো. জাহাঙ্গীর ওরফে জাহাঙ্গীর ডাকাতের ছেলে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, চরআফজল আজাদ মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের অদূরে আজাদ মেমোরিয়াল-হাজীরহাট রাস্তার মাথায় সেতুসংলগ্ন এলাকায় গতকাল দিবাগত রাত সোয়া তিনটার দিকে দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলি হয়। ওই সময় মজনু গুলিবিদ্ধ হন। খবর পেয়ে পুলিশ মজনুকে উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আজ মঙ্গলবার সকালে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি তাজা কার্তুজ ও একটি পাইপগান উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় হত্যা ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনে থানায় আলাদা দুটি মামলা হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর রাতে একই ইউনিয়নের বিবিরহাট কেঞ্জাতলী এলাকায় পুলিশের সঙ্গে একদল ডাকাতের ‘বন্দুকযুদ্ধে’ নিজাম উদ্দিন নামের এক ব্যক্তি নিহত হন। পুলিশের দাবি, নিজাম জলদস্যু ছিলেন। তাঁর বিরুদ্ধে রামগতি থানায় চারটি মামলা ছিল।