রামগতিতে 'বন্দুকযুদ্ধে' নিহত ১
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিবিরহাটের কেঞ্জাতলী এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিজাম উদ্দিন (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিজাম জলদস্যু। তিনি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার জিয়ার চরে বসবাস করতেন।
পুলিশের ভাষ্য, ওই ঘটনায় চার পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, নিজামের বিরুদ্ধে ডাকাতি, অপহরণ ও অস্ত্র আইনে রামগতি থানায় পৃথক চারটি মামলা রয়েছে। গতকাল রাতে তাঁকে রামগতির চরলক্ষ্মীর বয়ারচর স্লুইস গেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী সহযোগীদের ধরতে পুলিশ চর রমিজ ইউনিয়নের বিবিরহাট কেঞ্জাতলী এলাকায় অভিযান চালায়। সেখানে আগে থেকে ওত পেতে থাকা তাঁর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশও পাল্টা ১২টি গুলি ছোড়ে। একপর্যায়ে সহযোগীরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। তাদের গুলিতেই নিজাম গুরুতর আহত হন। তাঁকে দ্রুত রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পর লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
ওসি আরও জানান, বন্দুকযুদ্ধের সময় থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির, কনস্টেবল নুর উদ্দিন, মুছা মিয়া ও আলমগীর হোসেন গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় একটি বন্দুক, দুটো তাজা কার্তুজ ও দুটো ছোরা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় হত্যা ও অস্ত্র আইনে থানায় পৃথক দুটো মামলা হয়েছে।