চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাছেহা চা-বাগানের ৪৩ শ্রমিকসহ নিখোঁজ ৭৪ জনের মধ্যে ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় খাগড়াছড়ির রামগড় উপজেলার গহিন জঙ্গল থেকে বিজিবি ১৬ জনকে উদ্ধার করে। এ ছাড়া আরও ৭ জন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ‘জিম্মি’ অবস্থা থেকে পালিয়ে বাগানে ফিরে এসেছেন। এখনো নিখোঁজ রয়েছেন ৫১ জন।
ফটিকছড়ির পাশের উপজেলা রামগড়। বিজিবি-৪৩ রামগড় সদর দপ্তরের কমান্ডিং কর্মকর্তা মো. জাহেদুর রশীদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রামগড় উপজেলার গহিন পাহাড়ি এলাকা গুঁজাপাড়া কালীমন্দির এলাকায় প্রথমে অভিযান চালানো হয়। সেখান থেকে পাঁচ পরিবারের নারী-শিশুসহ ১৬ সদস্যকে উদ্ধার করা হয়। পরে তাদের রামগড় থানায় হস্তান্তর করা হয়।
বাগানের ব্যবস্থাপক মো. মনির হায়দার বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত আরও সাতজন রামগড় থেকে পালিয়ে বাগানে ফিরে এসেছেন।
একটি সমাবেশে অংশ নেওয়ার কথা বলে কয়েকজন পাহাড়ি গত শুক্রবার সকালে গাড়িতে করে কয়েক দফায় বাগান থেকে ৭৪ জনকে নিয়ে যায়। বাগানের এক নারীশ্রমিক (ক্ষুদ্র জাতিসত্তা) ১৫ এপ্রিল এক বাঙালি শ্রমিককে বিয়ে করেন। এতে ক্ষুব্ধ হয়ে পাহাড়ের কোনো গোষ্ঠী এ কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে।
রামগড় থানার ওসি শরীফ উদ্দিন বলেন, ১৬ জনকে বুধবার রাতেই বাগান ব্যবস্থাপকের জিম্মায় দেওয়া হয়।