রামগড়ে ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২
খাগড়াছড়ির রামগড়ে অস্ত্রের মুখে গরু ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগের নেতাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাটিরাঙা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন রুবেল ও গুইমারার অশোক সেন। এ ঘটনায় এ দুজনসহ চারজনকে আসামি করে মামলা হয়েছে। মামলার অপর আসামিরা হলেন ছাত্রলীগের কর্মী আলমগীর হোসেন ও জয়নাল আবেদীন।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন বলেন, পাঁচ গরু ব্যবসায়ী সিএনজিচালিত অটোরিকশাযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় মাটিরাঙা উপজেলার তাইন্দং থেকে বাড়ি ফিরছিলেন। রামগড় উপজেলার যৌথ খামার এলাকায় একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে তাঁদের কাছ থেকে ১ লাখ ৩১ হাজার টাকা ছিনিয়ে নেয়।
রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. কাজী হুমায়ুন রশীদ বলেন, ছিনতাই হওয়া টাকার মধ্যে ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ রাতভর অভিযান চালিয়ে এ ঘটনায় পাঁচজনকে আটক করে। তবেঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা না পাওয়ায় আটক রামগড় উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নাঈম, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন ও ছাত্রলীগের কর্মী শরিফ পাটোয়ারীকে ছেড়ে দেওয়া হয়।