ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় রামদায় শাণ দেওয়া দুই কর্মীকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী তাঁর নির্বাহী ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেন।
বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শ্রাবণ মিজান ও চারুকলা ইনস্টিটিউটের ২০১২-১৩ শিক্ষাবর্ষের মোফাজ্জল হায়দার ওরফে টাইগার মোফা। তাঁরা দুজনই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর অনুসারী হিসেবে পরিচিত। গত সোমবার ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে সংঘর্ষের সময় শাহ জালাল আবাসিক হলের তৃতীয় তলার বারান্দায় ওই দুজনকে রামদায় শাণ দিতে দেখা যায়। যাঁর ছবি গত মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত হয়।
ছাত্রলীগের দুই কর্মীকে সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কামরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘সংঘর্ষের সময় তোলা দুই শিক্ষার্থীর ছবি গণমাধ্যমে এসেছে। গতকাল বিকেলে উপাচার্য তাঁর নির্বাহী ক্ষমতাবলে তাঁদের বহিষ্কার করেন। ওই দুই শিক্ষার্থীকে নোটিশ দেওয়া হবে। নোটিশের যথাযথ উত্তর দিতে না পারলে তাঁদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।’
এদিকে সংঘর্ষের পর গত দুই দিন শাহ জালাল ও শাহ আমানত আবাসিক হলে ছাত্রলীগের নেতা-কর্মীদের দেখা যায়নি। গ্রেপ্তার আতঙ্কে অনেকে হল ছেড়ে যান বলে ছাত্রলীগের একটি সূত্র জানায়।