রামদায় শাণ দেওয়া দুই ছাত্র বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় রামদায় শাণ দেওয়া দুই কর্মীকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী তাঁর নির্বাহী ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেন।
বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শ্রাবণ মিজান ও চারুকলা ইনস্টিটিউটের ২০১২-১৩ শিক্ষাবর্ষের মোফাজ্জল হায়দার ওরফে টাইগার মোফা। তাঁরা দুজনই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর অনুসারী হিসেবে পরিচিত। গত সোমবার ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে সংঘর্ষের সময় শাহ জালাল আবাসিক হলের তৃতীয় তলার বারান্দায় ওই দুজনকে রামদায় শাণ দিতে দেখা যায়। যাঁর ছবি গত মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত হয়।
ছাত্রলীগের দুই কর্মীকে সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কামরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘সংঘর্ষের সময় তোলা দুই শিক্ষার্থীর ছবি গণমাধ্যমে এসেছে। গতকাল বিকেলে উপাচার্য তাঁর নির্বাহী ক্ষমতাবলে তাঁদের বহিষ্কার করেন। ওই দুই শিক্ষার্থীকে নোটিশ দেওয়া হবে। নোটিশের যথাযথ উত্তর দিতে না পারলে তাঁদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।’
এদিকে সংঘর্ষের পর গত দুই দিন শাহ জালাল ও শাহ আমানত আবাসিক হলে ছাত্রলীগের নেতা-কর্মীদের দেখা যায়নি। গ্রেপ্তার আতঙ্কে অনেকে হল ছেড়ে যান বলে ছাত্রলীগের একটি সূত্র জানায়। তবে ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ওই দিন পুলিশের বর্বরোচিত হামলায় সাধারণ শিক্ষার্থীসহ আমাদের নেতা-কর্মীরা আহত হয়েছেন। তাঁরা নগরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অন্য নেতা-কর্মীদের তাঁদের পাশে থাকতে হচ্ছে। এ জন্য কেউ হলে যাননি এখনো। আর আমি ও সাধারণ সম্পাদক ঢাকায় অবস্থান করছি। আমরা চট্টগ্রামে ফেরার পর ক্যাম্পাসে যাব।’
সোমবার সংঘর্ষের পরে পুলিশ দুটি হলে তল্লাশি চালিয়ে ৩৮ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। এ সময় দুটি অস্ত্র, প্রায় ৭০টি রামদাসহ কয়েক বস্তা পাথর ও লাঠিসোঁটা উদ্ধার করা হয়। এ ঘটনায় হাটহাজারী থানায় তিনটি মামলা করে পুলিশ। আসামিরা সবাই ছাত্রলীগের নেতা-কর্মী। এর মধ্যে পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলায় ৬৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এই মামলায় অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ১০০ থেকে ১২০ জনকে। এ ছাড়া শাহজালাল হল থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ২০-২৫ জনকে আসামি করে এবং শাহ আমানত হল থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় আরও ২০-২৫ জনকে আসামি করে আরেকটি মামলা করা হয়।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল প্রথম আলোকে বলেন, ‘সংঘর্ষের পর থেকে গত দুই দিন ধরে দুটি হলে ছাত্রলীগের কাউকেই দেখা যাচ্ছে না। তাঁরা হয়তো গ্রেপ্তার আতঙ্কে ক্যাম্পাসে আসছেন না। ওই দিনের ভডিও ফুটেজ সংগ্রহ করছি আমরা। আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।’