রামদায় শাণ দেওয়া দুজন চিহ্নিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামদায় শাণ দেওয়া লাল টি-শার্ট পরা ব্যক্তির নাম শ্রাবণ মিজান এবং অপরজন হলেন মোফাজ্জল হায়দার ওরফে টাইগার মোফা। ছবি: প্রথম আলো
রামদায় শাণ দেওয়া লাল টি-শার্ট পরা ব্যক্তির নাম শ্রাবণ মিজান এবং অপরজন হলেন মোফাজ্জল হায়দার ওরফে টাইগার মোফা। ছবি: প্রথম আলো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় রামদায় শাণ দেওয়া দুজনের পরিচয় পাওয়া গেছে। এদের একজনের নাম শ্রাবণ মিজান ও অন্যজন মোফাজ্জল হায়দার ওরফে টাইগার মোফা। তাঁদের ধরতে পুলিশের অভিযান চলছে।
শ্রাবণ মিজান বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। মোফাজ্জল হায়দার চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ দুজনই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
সোমবার ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানোকে কেন্দ্র করে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বীর পক্ষের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের সময় তোলা একটি ছবি আজ মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত হয়। ছবিতে শাহজালাল হলের তৃতীয় তলার বারান্দায় দুই ব্যক্তিকে রামদায় শাণ দিতে দেখা যায়।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাইল বলেন, রামদায় শাণ দেওয়া দুই যুবকের মধ্যে লাল টি-শার্ট পরা ব্যক্তির নাম শ্রাবণ মিজান। অন্যজন মোফাজ্জল হায়দার। তাঁদের ধরতে অভিযান চলছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শ্রাবণ মিজান বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ছাত্র। মোফাজ্জল হায়দার ওরফে টাইগার মোফা চারুকলা ইনস্টিটিউটের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ছাত্র। তাঁরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, রামদায় শাণ দেওয়া ওই দুজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে তাঁরা নিশ্চিত হয়েছেন।
এদিকে সোমবার আলমগীর টিপু ও ফজলে রাব্বীর পক্ষ সংঘর্ষে জড়ালেও আজ সন্ধ্যায় তাঁরা নগরের একটি কমিউনিটি সেন্টারে একসঙ্গে সংবাদ সম্মেলন করেন। এ সময় রামদায় শাণ দেওয়া দুই ব্যক্তির পরিচয় সম্পর্কে জানতে চাইলে ফজলে রাব্বী বলেন, ‘ছাত্রলীগ বড় সংগঠন। এতে ছাত্রশিবিরের এজেন্টরাও ঢুকে যেতে পারে। ওই দুজনও হয়তো শিবিরের এজেন্ট।’
‘সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশের বর্বরোচিত হামলা ও লুটপাটের প্রতিবাদে’ এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তিনটি মামলা দায়ের
ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গতকাল হাটহাজারী থানায় তিনটি মামলা করেছে পুলিশ। হাটহাজারী থানার তিনজন উপপরিদর্শক (এসআই) মামলা তিনটি করেন।
সোমবারের ওই সংঘর্ষের পর দুটি হলে তল্লাশি চালিয়ে ৩৮ জন নেতা-কর্মীকে আটক এবং দুটি অস্ত্র, প্রায় ৭০টি রামদাসহ কয়েক বস্তা পাথর ও লাঠিসোঁটা উদ্ধার করে পুলিশ।
হাটহাজারী থানা সূত্র জানায়, পুলিশের ওপর হামলার অভিযোগে এসআই মঞ্জুর আহমেদের করা মামলায় ৬৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০০ থেকে ১২০ জনকে। সোমবার আটক ৩৮ জনকে এই মামলার আসামি করা হয়।
শাহজালাল হল থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে মামলা করেন এসআই স্বপন কুমার।
শাহ আমানত হল থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে আরেকটি মামলা করেন এসআই হাবিবুর রহমান।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাইল প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি বলেন, মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তদন্ত কমিটি গঠন
উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আজ তাঁর সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা হয়।
সভায় সোমবারের ঘটনা তদন্তে সহকারী প্রক্টর হেলাল উদ্দিন আহমদকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী প্রক্টর মোহাম্মদ শহিদুল আলম ও মিজানুর রহমান। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তথ্য শাখার ডেপুটি রেজিস্ট্রার ফরহাদ হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি শান্ত। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত।’