রামপালবিরোধী কর্মসূচিতে ছাত্রলীগের হামলা, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদে সচেতনতামূলক তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে হামলা চালিয়েছেন ছাত্রলীগের একদল নেতা-কর্মী। গতকাল মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে সিলেট নগরের লামাবাজার এলাকার মদন মোহন কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কলেজ শাখা ওই কর্মসূচির আয়োজন করেছিল। হামলার প্রতিবাদে ছাত্র ফ্রন্ট জেলা ও মহানগর শাখা বিকেলে নগরে একটি বিক্ষোভ মিছিল করেছে। প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী বলেন, কলেজ ক্যাম্পাসে সকাল ১০টার দিকে কর্মসূচি শুরুর পরপরই এটি বাতিলের জন্য ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী আয়োজকদের চাপ দিতে থাকেন। একপর্যায়ে দুপুর সোয়া ১২টার দিকে ছাত্রলীগের নেতা রাজেশ সরকারের নেতৃত্বে একদল নেতা-কর্মী আচমকা প্রদর্শনীতে হামলা চালান। হামলায় অন্তত ১০ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় ফাহিম আহমেদ চৌধুরী, মিজানুর রহমান ও সজিবুর রহমান সানীকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাত্রলীগের কর্মীরা প্রদর্শনীস্থলে থাকা বেঞ্চ ও প্রদর্শনীর উপকরণ ভাঙচুর করেন এবং ব্যানার ছিঁড়ে ফেলেন। এ সময় ছাত্র ফ্রন্টের কয়েকজন কর্মীকে মারধর করার পাশাপাশি শারীরিকভাবেও লাঞ্ছিত করা হয়। হামলার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কলেজ কর্তৃপক্ষ ছুটে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

হামলায় নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন রাজেশ সরকার। তিনি বলেন, ‘ছাত্র ফ্রন্টের সরকারবিরোধী একটি কর্মসূচি ছিল। আমরা তাদের কর্মসূচি দ্রুত শেষ করার কথা কেবল বলেছি। কিন্তু তারা কর্মসূচি চালিয়েই যেতে থাকে। এর জের ধরে ছাত্রলীগের কয়েকজন জুনিয়র ছেলের সঙ্গে ওই সংগঠনের নেতা-কর্মীদের বাগ্‌বিতণ্ডা হয়। তবে ছাত্রলীগ কোনো হামলা করেনি।’

কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ বলেন, ‘এখন পরিস্থিতি শান্ত রয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’