রামপালবিরোধী কর্মসূচিতে ছাত্রলীগের হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদে সিলেটের মদনমোহন কলেজে আজ মঙ্গলবার দুপুরে সচেতনতামূলক তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে ছাত্রলীগের একদল নেতা-কর্মী হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় ক্যাম্পাসে পড়ে আছে বিভিন্ন তথ্যচিত্র। ছবি: প্রথম আলো
রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদে সিলেটের মদনমোহন কলেজে আজ মঙ্গলবার দুপুরে সচেতনতামূলক তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে ছাত্রলীগের একদল নেতা-কর্মী হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় ক্যাম্পাসে পড়ে আছে বিভিন্ন তথ্যচিত্র। ছবি: প্রথম আলো

রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদে সিলেটে সচেতনতামূলক তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে ছাত্রলীগের একদল নেতা-কর্মী হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে নগরের লামাবাজার এলাকার মদনমোহন কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মদনমোহন কলেজ শাখা এই তথ্যচিত্র প্রদর্শনী কর্মসূচির আয়োজন করে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থীর ভাষ্য, কলেজ ক্যাম্পাসে সকাল ১০টার দিকে কর্মসূচি শুরু হয়। কিছুক্ষণ পরই এটি বন্ধ করার জন্য ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী আয়োজকদের ওপর চাপ দিতে থাকেন। দুপুর সোয়া ১২টার দিকে ছাত্রলীগ নেতা রাজেশ সরকারের নেতৃত্বে একদল নেতা-কর্মী প্রদর্শনীতে হামলা চালিয়ে ভন্ডুল করে দেন। ছাত্রলীগ কর্মীরা এ সময় প্রদর্শনীস্থলে থাকা বেঞ্চ, প্রদর্শনীর উপকরণ ভাঙচুর করেন। হামলায় ছাত্রফ্রন্টের তিনজন আহত হন। পরে ছাত্রলীগের হামলার খবর পেয়ে অধ্যক্ষসহ কলেজ কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

তবে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করে ছাত্রলীগ নেতা রাজেশ প্রথম আলোকে বলেন, ‘ছাত্রফ্রন্টের সরকারবিরোধী কর্মসূচি ছিল। আমরা তাদের কেবল কর্মসূচি দ্রুত শেষ করার কথা বলেছি। শেষ পর্যায়ে ছাত্রলীগের কয়েকজন জুনিয়র ছেলের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা হয়। ছাত্রলীগ কোনো হামলা করেনি।’

ছাত্রফ্রন্টের কলেজ শাখার সাধারণ সম্পাদক রুবেল মিয়ার দাবি, প্রদর্শনীর শেষ পর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল করতে করতে প্রদর্শনীস্থলে যান। এরপর তাঁরা কর্মসূচিতে হামলা চালান। তাঁরা ছাত্রফ্রন্টের কয়েকজনকে মারধরও করেন। পরে কলেজ কর্তৃপক্ষের হস্তক্ষেপে ছাত্রলীগ নিবৃত্ত হয়। ছাত্রফ্রন্টের তিন কর্মী গুরুতর আহত হওয়ায় তাঁদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কলেজ অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ বলেন, ‘পরিস্থিতি এখন শান্ত আছে। ছাত্রফ্রন্ট মৌখিকভাবে হামলার বিষয়ে অভিযোগ করেছে। বিষয়টি আমরা দেখছি।’