রামপালে গৃহবধূর লাশ উদ্ধার
বাগেরহাটের রামপাল উপজেলায় আজ বুধবার দুপুরে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আজ দুপুরে উপজেলার রাজনগর ইউনিয়নের গোনাবেলাই গ্রামে চিংড়িঘের থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
নিহত গৃহবধূর নাম হাসিনা বেগম (৩২)। তিনি ওই গ্রামের হাবিবুর রহমান সরদার ওরফে হাবি সরদারের স্ত্রী।
রামপাল থানার উপপরিদর্শক (এসআই) ঠাকুর দাস মণ্ডল ঘটনাস্থল থেকে প্রথম আলোকে জানান, চার-পাঁচ বছর আগে হাবি সরদারের সঙ্গে হাসিনার বিয়ে হয়। বিয়ের পর হাসিনা স্বামীকে সঙ্গে নিয়ে রামপালে তাঁর বাবার সাত-আট বিঘা জমিতে চিংড়ি চাষ শুরু করেন। সেখানেই ঘর বেঁধে তাঁরা দুজন থাকতেন। গতকাল মঙ্গলবার সকালে হাসিনার স্বামী হাবি সরদার খুলনায় তাঁর পৈতৃক বাড়িতে বেড়াতে যান। আজ সকালে ঘেরের বাঁধের ওপর হাসিনার লাশ পড়ে থাকতে দেখে পাশের ঘেরের লোকজন পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ হাসিনার লাশ উদ্ধার করেছে।
এসআই আরও জানান, হাসিনার গলায় রশির দাগসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। গতকাল সকাল থেকে রাতের কোনো একসময়ে তাঁর গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা তদন্ত ছাড়া এখনই বলা সম্ভব নয়।