রামপালে তরুণী গণধর্ষণের শিকার
বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা গ্রামে এক কিশোরী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। গত শুক্রবার রাতে একটি বাগানে নিয়ে কিশোরীকে চার বখাটে ধর্ষণ করে বলে এলাকাবাসী জানিয়েছে। এ ঘটনায় গ্রামবাসীর সহায়তায় পুলিশ সেলিম মোল্লা নামের একজনকে আটক করেছে।
ওই কিশোরী গতকাল শনিবার সকালে চারজনের বিরুদ্ধে রামপাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে।
পুলিশ জানায়, বটিয়াঘাটা উপজেলার ওই কিশোরীর সঙ্গে রামপাল উপজেলার গৌরম্ভা গ্রামের নয়ন নামের এক যুবকের মুঠোফোনে পরিচয় হয়। সেই সূত্র ধরে নয়ন শুক্রবার বিকেলে কিশোরীকে গৌরম্ভা গ্রামে আসতে বলে। কিশোরী গ্রামে এলে নয়ন ও তার বন্ধু প্রদীপ তাকে নিয়ে গ্রামের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে নয়নের পূর্বপরিচিত গৌরম্ভা গ্রামের সেলিম মোল্লা (২৪) ও লোকমান (২২) এবং বর্হ্নি গ্রামের বাবুল ও সেন্টু তাদের কাছ থেকে কিশোরীকে জোর করে উঠিয়ে নিয়ে যায়। এরপর তারা ওই গ্রামের একটি বাগানে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে কিশোরীর চিৎকারে গ্রামবাসী এসে হাতেনাতে সেলিমকে আটক করে।