রামপালে হামলার শিকার ঢাকার সংস্কৃতিকর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের রামপালে তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে ঢাকা থেকে আসা ‘মৌলিক বাংলা সাংস্কৃতিক জনপদ’ নামের এক সংগঠনের কর্মীদের ওপর স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ করেছেন আক্রান্তরা। ওই সংগঠনের কর্মীদের অভিযোগ, গতকাল শুক্রবার দুপুরে রামপাল উপজেলার সাপমারি-কাটাখালী এলাকায় বিদ্যুৎকেন্দ্রের সীমানার ভেতরে পুলিশের উপস্থিতিতে হামলার ঘটনা ঘটে।
তবে স্থানীয় আওয়ামী লীগের অভিযুক্ত নেতা ও রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসব অভিযোগ অস্বীকার করেন।
মৌলিক বাংলা সাংস্কৃতিক জনপদের দপ্তর সম্পাদক সবুজ মনা গতকাল সন্ধ্যায় খুলনা থেকে এই প্রতিবেদককে মুঠোফোনে জানান, তাপবিদ্যুৎকেন্দ্রটি সুন্দরবনের কাছ থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে তাঁরা ৮ আগস্ট ঢাকার জাতীয় প্রেসক্লাব থেকে রামপালের দিকে পদযাত্রা শুরু করেন। গতকাল বিদ্যুৎকেন্দ্র এলাকা পরিদর্শনে গেলে দুপুর ১২টার দিকে রামপাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রউফের নেতৃত্বে ৩০-৪০ জন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান।
হামলায় ওই সংগঠনের অন্তত ১০ জন কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়। আহত ব্যক্তিদের মধ্যে চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে আওয়ামী লীগের সভাপতি আবদুর রউফ গতকাল সন্ধ্যায় মুঠোফোনে বলেন, ‘তাদের ওপর কেউ হামলা করেনি।’
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী দাউদ হোসেন জানান, পুলিশ ওই বহিরাগতদের নিরাপদে এলাকা ত্যাগ করতে ট্রলারে তুলে দেয়।