রামপালের ইউপি চেয়ারম্যান রফিকুল সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফৌজদারি মামলায় অভিযুক্ত হওয়ায় বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা রফিকুল ইসলাম বাবুলকে চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

ভোটার তালিকা হালনাগাদের কাজে নিয়োজিত এক স্কুলশিক্ষিকাকে মারধর করার মামলায় ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পুলিশ সম্প্রতি আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব স্বাক্ষরিত একটি ফ্যাক্সবার্তা পাওয়ার কথা নিশ্চিত করে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রাফা মো. আরিফ এই প্রতিবেদককে জানান, নির্বাচিত জনপ্রতিনিধির বিরুদ্ধে কোনো মামলার অভিযোগপত্র আদালত
গ্রহণ করলে তিনি পদে থাকতে পারবেন না। এ বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিপত্রে সুনির্দিষ্টভাবে উল্লেখ রয়েছে।

রামপাল উপজেলার পেড়িখালী ইউপির ৮ নম্বর ওয়ার্ডের বড় কাঁটালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা খাদিজা ইয়াসমিন মুঠোফোনে বলেন, ‘গত বছরের ১৪ জুন রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় কাঁটালী গ্রামে ভোটার তালিকা হালনাগাদ করার দায়িত্ব পাই। এ সময় অন্য ইউনিয়নের আবদুল মজিদ নামের (আগের ভোটার আইডি কার্ডধারী) এক ভোটার ৮ নম্বর ওয়ার্ডে নতুন করে ভোটার হওয়ার আবেদন করেন। এভাবে তাঁর ভোটার হওয়া আইন পরিপন্থী হওয়ায় তাঁকে ফিরিয়ে দিই।’

খাদিজা ইয়াসমিন আরও বলেন, আবদুল মজিদ বিষয়টি পেড়িখালী ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলামকে জানান। রফিকুল ইসলাম বড় কাঁটালী বাজারে এসে আমার স্বামী রবিউল আলম খোকনের দোকানে বসে গালাগাল ও আমাকে মারধর করেন। এ ঘটনায় আমার স্বামী বাদী হয়ে গত বছরের ১০ জুলাই রামপাল থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ২৪ ডিসেম্বর বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহাতাব উদ্দিন আদালতে অভিযোগপত্র দেন। মামলাটি বর্তমানে বিচারিক হাকিমের আদালতে বিচারাধীন।’