রামপুরায় বিস্ফোরণে দগ্ধ এক ছাত্রীর মৃত্যু
রাজধানীর রামপুরার উলন রোডে গত শুক্রবার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শিক্ষক ও দুই ছাত্রীর মধ্যে এক ছাত্রী আজ বুধবার দুপুরে মারা গেছে। বেলা দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ছাত্রীর নাম আশরাফী আক্তার (৮)। সে উলন রোডের খালেদ হায়দার মেমোরিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। তার বাবার নাম আমির হোসেন। তাঁরা রামপুরার পশ্চিম উলন রোডের ১২/সি/১ নম্বর বাড়ির বাসিন্দা।
ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানায়, গত শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে উলন রোডের এক প্রাইভেট কোচিংয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক আশরাফুল ইসলামের (৩০) কাছে পড়তে যায় আশরাফী ও তার খালা তানজিলা আক্তার (১৩)। চারটার দিকে ওই বাসায় হঠাৎ বিকট শব্দের পর আগুন দেখা যায়। এতে আশরাফুল ইসলাম, তানজিলা ও আশরাফী দগ্ধ হয়। ওই দিনই দগ্ধ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ আশরাফীর মৃত্যু হয়। তানজিলার অবস্থাও গুরুতর।
আশরাফীর মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন তার নানা মনির হোসেন। তিনি জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।
শুক্রবার বিস্ফোরণের পর রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে জানিয়েছিলেন, ওই বাসায় গ্যাসের কোনো চুলা নেই। ঝুঁকিপূর্ণ বিদ্যুতের তারের কোনো আলামতও পাওয়া যায়নি। তবে ময়লার ঝুড়ি ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া গেছে। ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।