রামপুরায় গুলিতে যুবলীগের নেতা আহত
রাজধানীর রামপুরায় গতকাল শুক্রবার সন্ত্রাসীদের গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি যুবলীগের ওয়ার্ড পর্যায়ের নেতা বলে স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে।
আহত কাজী মাসুদ পারভেজ (৩৫) পেশায় ঠিকাদার। তাঁর ডান পা ও হাতে ৩টি গুলি লেগেছে। মাসুদ পারভেজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কী কারণে তাঁর ওপর হামলা হয়েছে, তা জানা যায়নি।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা প্রথম আলোকে বলেন, মাসুদ পারভেজ ঢাকা উত্তরের ২২ নম্বর ওয়ার্ড যুবলীগের পরিবেশবিষয়ক সম্পাদক বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। রাত সাড়ে আটটার দিকে তিনি তাঁর বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তিন থেকে চারজন লোক মাসুদ পারভেজকে ডেকে গুলি করে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। তিনি বলেন, কারা, কী কারণে এই হামলা চালিয়েছে, তা জানা যায়নি। পুলিশ ঘটনা তদন্ত করছে।
মো. সবুজ নামের এক ব্যক্তিসহ কয়েকজন মাসুদ পারভেজকে হাসপাতালে নিয়ে আসেন। মো. সবুজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, মহানগর প্রজেক্টের ১ নম্বর রোডের মাথায় মাসুদ পারভেজের ওপর হামলা হয়। কাইল্লা পলাশ বাহিনীর মেহেদী, আমজাদ, বুলেট, নয়নসহ কয়েকজন এ ঘটনা ঘটিয়েছে।